logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে রাখতে যে কৌশলে এগোচ্ছে বিএনপি

ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে রাখতে যে কৌশলে এগোচ্ছে বিএনপি
বিএনপির লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে আগামী ডিসেম্বরজুড়ে ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়েছে বিএনপি। একইসঙ্গে নেতাকর্মীদের চাঙা রাখতে দুই সপ্তাহের মধ্যে ঢাকার দুই সিটির আংশিক কমিটি পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের নীতিনির্ধারকরা বলছেন, ঢাকার রাজপথ যাতে কোনোভাবেই বিএনপির হাতছাড়া না হয়, সেটি নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ডিসেম্বরজুড়ে দলীয় কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Advertisement

তিনি জানান, বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরজুড়ে দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতেও কর্মসূচি থাকবে।

দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রথম বার্ষিকীতে দলীয়ভাবে কর্মসূচি পালন করা হবে।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, ‘ডিসেম্বর বিজয়ের মাস। রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই সরকারি দল হিসেবে বিএনপির প্রথম বিজয়ের মাস উদ্‌যাপন। ফলে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দেশের চলমান পরিস্থিতিতে দলীয় অবস্থান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মাসব্যাপী রাজনৈতিক ও সামাজিক নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটি ঘিরেও কর্মসূচি রয়েছে।’

আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা, সোশ্যাল মিডিয়ায় এমন ঘোষণা দিয়ে নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তবে নিষিদ্ধ সংগঠনের এমন উসকানিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে বিষয়ে সজাগ রয়েছে সরকার। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সরকারের দায়িত্বশীল ও বিএনপি নেতারা মনে করছেন, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার মতো কোনো বাস্তব পরিস্থিতি নেই। তবে তার কথিত ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের যে কোনো তৎপরতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবেন বিএনপি নেতাকর্মীরা।

ঢাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে এবং নাশকতাকারীরা যেন রাজধানীর নিয়ন্ত্রণ নিতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সার্বক্ষণিক পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলটির নীতিনির্ধারকদের মতে, ডিসেম্বরজুড়ে ঢাকাসহ সারা দেশে রাজপথে বিএনপির শক্ত অবস্থান থাকলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির সাহস পাবে না।

‘ঢাকা রক্ষা’র রাজনৈতিক বার্তা

ঢাকার রাজপথ ধরে রাখা মানে পুরো দেশের রাজনীতিতে মনস্তাত্ত্বিক আধিপত্য ধরে রাখা। ফলে গত ১৭ বছরে ঢাকার রাজপথে আন্দোলন জমাতে না পারার যে ঘাটতি ছিল, তা এবার পুষিয়ে নিতে চান বিএনপির নীতিনির্ধারকরা। ঢাকাকে কেন্দ্র করে অন্য কোনো রাজনৈতিক শক্তি যেন নতুন সমীকরণ তৈরি করতে না পারে, সে জন্য শুরু থেকেই শক্ত অবস্থান নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।

নতুন কমিটিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে; মাঠের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, তবে পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে। চাঁদাবাজি, দখলবাজি বা বিশৃঙ্খলার অভিযোগ উঠলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিষিদ্ধ আওয়ামী লীগ যেন ঢাকার মাঠে শক্তি ফিরে না পায়, সে জন্য রাজপথে নিজেদের একক প্রভাব ধরে রাখতে মরিয়া বিএনপি। দলটি দেখাতে চায়, জনসমর্থনের পাশাপাশি ঢাকার রাজপথেও তারা প্রধান শক্তি।

আগামীতে স্থানীয় সরকারসহ যে কোনো নির্বাচনে ঢাকায় ভালো ফল করাকে দলের জন্য মর্যাদার বিষয় হিসেবে দেখছেন বিএনপি নেতারা। এ ক্ষেত্রে ঢাকার মাঠ ধরে রেখে ভোটার ও সাধারণ মানুষকে সাংগঠনিক শক্তি দেখাতে চায় দলটি। সে ক্ষেত্রে ডিসেম্বরকেন্দ্রিক যে কোনো নাশকতা মোকাবিলার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অগ্রিম প্রস্তুতি ও সাংগঠনিক শক্তির মহড়াও প্রদর্শনের সুযোগ পাবে বিএনপি।

ঢাকার কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘ঢাকার কর্মসূচিতে মাঠে কোনো ধরনের শূন্যতা না রেখে মহানগর উত্তর-দক্ষিণের নেতৃত্বের প্রতি ঝটপট পূর্ণাঙ্গ কমিটি করে প্রতিটি থানা ও ওয়ার্ডকে সুসংগঠিত করার নির্দেশনা দেওয়া হয়েছে; যাতে যে কোনো মুহূর্তে রাজপথে বড় জমায়েত নিশ্চিত করা যায়।’

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। দায়িত্বপ্রাপ্ত নেতারাও ইতিমধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু করেছেন। কারণ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে দ্রুত যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব বসানো না গেলে মাঠের কর্মীদের ধরে রাখা এবং জরুরি পরিস্থিতিতে রাজপথে নামানো কঠিন হবে। তাই কোনো ধরনের সাংগঠনিক শূন্যতা না রেখে পুরোদমে মাঠ গোছানোর কাজ চলছে।

ঢাকা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হওয়ায় এখানকার রাজপথ যাদের নিয়ন্ত্রণে থাকে, রাজনীতিতে তাদের অবস্থান সবচেয়ে সংহত মনে করা হয়। তাই রাজপথে সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ ও সাবেক ছাত্রনেতাদের সামনে নিয়ে এসে সাংগঠনিক গতি ধরে রাখতে চাইছে বিএনপি। দলটির কাছে ঢাকার রাজপথের নিয়ন্ত্রণ এখন শুধু রাজনৈতিক আধিপত্যের বিষয় নয়, বরং আগামী স্থানীয় সরকার নির্বাচনসহ দলের ভাবমূর্তি রক্ষারও বড় চ্যালেঞ্জ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আগের কমিটি সম্প্রতি মিরপুরের আলোচিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার জেরে বিলুপ্ত ঘোষণা করা হয়। উত্তরের নতুন দায়িত্ব পাওয়া নেতারা বলছেন, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পাশাপাশি চলবে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি সামনে আসবে। তবে আংশিক কমিটি ঘোষণার পর মাত্র দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন কিছুটা চ্যালেঞ্জিং। শত শত যোগ্য প্রার্থীর মধ্য থেকে সীমিত পদের জন্য সঠিক মানুষ বাছাই করাই নতুন নেতৃত্বের প্রধান পরীক্ষা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এশিয়া পোস্টকে বলেন, ‘রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা। তাই ডিসেম্বরে কর্মসূচিতে মাঠে থাকতে ঢাকার সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করা এবং সম্ভাব্য যে কোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাজপথে সক্রিয় ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই আংশিক কমিটিকে জরুরিভিত্তিতে পূর্ণাঙ্গ করা হবে। দলের হাইকমান্ড বেশ কিছু কৌশলগত প্রাধান্য নির্ধারণ করেছেন। থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূইয়া জুয়েল এশিয়া পোস্টকে বলেন, ‘ডিসেম্বরে পুরো মাসজুড়ে ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচি আছে। আমরা মাঠে থাকব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও গাইডলাইন মেনে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক কমিটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করা হবে।’

সম্প্রতি দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভায় ঢাকার মাঠে রাজনৈতিক প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটি গঠনে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে? এশিয়া পোস্টের এমন প্রশ্নের জবাবে আব্দুল কাদের ভূইয়া জুয়েল বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব বিতর্কিত বা কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের কমিটিতে আনতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। দলকে সাংগঠনিকভাবে গতিশীল রাখতে তরুণ ও মাঠপর্যায়ে জনপ্রিয় সাবেক ছাত্রনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। সে ক্ষেত্রে শুধু কেন্দ্রের পরিচিত মুখ নয়, বরং যারা ঢাকার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখেন এবং সাংগঠনিকভাবে দক্ষ, তাদের প্রাধান্য দেওয়া হবে। একই সঙ্গে বিগত ১৭ বছরে যারা রাজপথে মামলা-হামলা ও চরম নির্যাতনের শিকার হয়েও দল ছাড়েননি, পূর্ণাঙ্গ কমিটিতে তাদের যথাযথ মূল্যায়নের বিষয়টি অগ্রাধিকার পাবে।’