বেশির ভাগ কেন্দ্রীয় নেতা আসেননি যুবদল নেতা নান্নুর মিলাদে, ক্ষোভ প্রকাশ

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ১৯ জুলাই মৃত্যুবরণ করেন। জাকির হোসেন নান্নু ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা। বিগত নিরব-টুকু কমিটিতে তিনি ঢাকা বিভাগীয় টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত আন্দোলন সংগ্রামে নান্নুর ভূমিকা নিয়ে সংগঠনটি আজ মঙ্গলবার (২১ জুলাই) আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। তার মৃত্যুর খবরে সংগঠনে নেমে এসেছে শোকের ছায়া। নান্নুর নামাজে জানাজা বিএনপির পার্টি অফিসে না হওয়ার কারণে নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ চলছে।
এই আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ।
উপস্থিত নেতা-কর্মীরা আজ ক্ষোভ ও শোকে জাকির হোসেন নান্নুকে স্মরণ করেছেন। তবে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তার বক্তব্যে ভিন্ন এক কারণে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, সদ্য ঘোষিত কমিটির তিন ভাগের এক ভাগ নেতাও আজ উপস্থিত নেই। কমিটি হওয়ার পর প্রথম কোনো প্রোগ্রাম। কিন্তু আজই এত কম উপস্থিতি। আমি সভাপতির সঙ্গে কথা বলব। মূলত সভাপতি কেন্দ্রিক নেতাদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তবে খোঁজ নিয়ে জানা যায়, সাধারণ সম্পাদককে ব্যর্থ করতেই সভাপতি কেন্দ্রিক নেতারা ইচ্ছে করে অনুপস্থিত ছিলেন। কিছুদিন আগে আভ্যন্তরীণ গ্রুপিংয়ে সভাপতি/সাধারণ সম্পাদকের মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময়ের কারণে সংগঠনের অভ্যন্তরে গ্রুপিং এখন তুঙ্গে। সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কে কাকে অযোগ্য হিসেবে কমিটিতে স্থান দিয়েছেন এই নিয়ে একে অন্যকে দোষারোপের রাজনীতি চলছে প্রকাশ্যে।
আলোচনা সভায় প্রধান অতিথি রিজভী আহম্মেদের বক্তব্যের সময়ে যুবদলের সাবেক সহসভাপতি মির্জা ইউসূফ বিন জলিল কালু কাঁদতে কাঁদতে বলেন, নান্নু দলের কাছ থেকে অবহেলিত হয়ে দুঃখ-কষ্ট নিয়ে মারা গেছেন। আমাদের হয় দলে মূল্যায়ন করেন, না হয় দল থেকে বের করে দেন। এ সময় রিজভী আহম্মেদকে নেতা-কর্মীদের সান্ত্বনা দিতে দেখা যায়।
এদিকে যুবদলের পদবঞ্চিতরা জাতীয় শিল্পকলা একাডেমির মাঠে নান্নুর জন্য দোয়া-মোনাজাতের আয়োজন করেন। সদ্য ঘোষিত যুবদলের কমিটিতে অবমূল্যায়ন ও পদবঞ্চিতরা কমিটি ঘোষণা করার পর থেকেই ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন। এই সময়ে ৫০ থেকে ৬০ জন পদবঞ্চিত নেতাকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।
মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, দুলাল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক তৌহিদ হোসেন রিয়ন তালুকদার, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন দেওয়ান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ প্রমুখ।
.png)





