logo

‘অপকর্ম ও চাঁদাবাজির অভিযোগে কাউকে ছাড় দিচ্ছে না ছাত্রদল’

‘অপকর্ম ও চাঁদাবাজির অভিযোগে কাউকে ছাড় দিচ্ছে না ছাত্রদল’
শ্যামল মালুম। ছবি: এশিয়া পোস্ট

‘ছাত্রদলের কারও বিরুদ্ধে কোনো অপকর্ম বা চাঁদাবাজির ন্যূনতম তথ্য পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করছি। সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া গেলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান আলাপনে এসে এসব কথা বলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে গড়ে ওঠা একটি ভঙ্গুর ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে এক দিনে পরিবর্তন করা সম্ভব নয়, এর জন্য কিছুটা সময় প্রয়োজন। তবে ৫ আগস্টের পর দেশে ক্ষমতার জোর খাটানো বা জবরদখলের রাজনীতি যে আর চলবে না, সে বিষয়ে বিএনপি ও ছাত্রদল দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

শ্যামল মালুম বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি বা শৃঙ্খলাভঙ্গের ন্যূনতম অভিযোগ পাওয়া গেলে কালবিলম্ব না করে গঠনতন্ত্র অনুযায়ী তাৎক্ষণিক তদন্ত করে বহিষ্কারাদেশ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মতো ছাত্রদল কোনো অপরাধীকে রাজনৈতিক ছত্রচ্ছায়া দেবে না। ছাত্রদল রাজপথে শিক্ষার্থীদের অধিকার ও সততার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় এবং ভবিষ্যতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করাই সংগঠনের প্রধান অগ্রাধিকার।