আওয়ামী লীগকে ক্ষমা প্রার্থনা, আত্মসমর্পণ ও বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমানে যে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চাচ্ছে, সেটা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) সংগঠক অনিক রায়।
শনিবার (২১ নভেম্বর) শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এনপিএ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
অনিক রায় বলেন, তাদেরকে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে। আওয়ামী লীগের সামনে এটাই একমাত্র পথ।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, এখানে অনেক ছোট ছোট দল একসাথে হয়েছে, বিভিন্ন দল যারা লুটতরাজ ও শোষণের সাথে যুক্ত তার আপস করলেও এই দলগুলা কোনও আপস করবে না। এই দলগুলোর ঐক্য ক্রমেই বড় হবে। একজন আসামিরও বাড়িঘর ভাঙা চলবে না। রাষ্ট্র যে এখনো লিথাল ওয়েপন ব্যবহার করে নাই, তার জন্য রাষ্ট্রকে ধন্যবাদ।
অল্টারনেটিভস-এর সংগঠক তাজনুভা জাবিন বলেন, জনগণের সাথে ঐক্য করতে হবে এবং এই ঐক্য করতে হলে সংস্কারের প্রস্তাবগুলা নিয়ে টেবিলে বসতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা রিকনসিলিয়েশনের কথা বলেছিলাম। তারা যদি মনে করে যে এই ঐক্য শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক শক্তির সাথে মিলে করবে, তাহলে চলবে না। জুলাইয়ের শক্তি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রয়েছে।
জেএসডির পক্ষ থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আমরা সবসময় দেখে আসছি, প্রতিটা আন্দোলনের পরেই আন্দোলনের ফসল এবং আন্দোলনের সুফল সাধারণ মানুষ এবং তাদের কাছে আর থাকে না।
সমাবেশটি সঞ্চালনা করেন এনপিএর সংগঠক মাঈন আহমেদ।





