logo

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা
ঘটনাস্থল। ছবি: প্রথম আলো

সংশ্লিষ্টদের তথ্যমতে, এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে গিয়েছিলেন তিনি।

অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠতে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের সামনে পড়েন নাহিদ ইসলাম। সে সময় ঘটনাস্থলে ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।

নাহিদকে হেনস্তার চেষ্টার ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন হিমেল।

ভিডিওতে দেখা যায়, এনসিপির সমর্থক যুক্তরাজ্যপ্রবাসী কয়েক ব্যক্তি নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন। আর গাড়ির সামনের দিকে আওয়ামী লীগের সমর্থক কয়েক ব্যক্তির সঙ্গে এনসিপির সমর্থকদের আরেকটি অংশের বাদানুবাদ চলছে। এ অবস্থার মধ্যেই নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।

ভিডিওটির ক্যাপশনে এম এ হিমেল লিখেছেন, ‘দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিঁড়তে পারেনি!’

হিমেলের পোস্ট করা আরেকটি ভিডিওতে এনসিপি–সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।’

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট