প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এনসিপির যে ৩ নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার (২৩ নভেম্বর) সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। বেলা ১টায় সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে তিনজন গুরুত্বপূর্ণ নেতা অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।
বৈঠকে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব সংসদ সদস্য আখতার হোসেন, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচটি বিষয়ে গুরুত্ব দেবে বলে জানিয়েছে এনসিপি।
বৈঠকে পাঁচ বিষয় নিয়ে আলোচনা করবে এনসিপি। এগুলো হলো-
১. সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে আলোচনা করবে এনসিপি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানাবে দলটি।
২. গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে এনসিপি।
৩. এনসিপির নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের পেশিশক্তির ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি সংলাপে আলোচনা করা হবে।
৪. জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে দলটি।
৫. গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করার বিষয়টি বৈঠকে উত্থাপন করবে এনসিপি। আহতদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় থাকবে।
কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি এই গোষ্ঠীকে প্রতিহত করারও আহ্বান জানান। এ জন্য তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান।






