logo

মিশরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য

আফছার হোসাইন
আফছার হোসাইন, মিশর
মিশরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য
বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে। ছবি: এশিয়া পোস্ট

মিশরে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক মিশন ইনস্টিটিউটের বালক ও বালিকা শাখার শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এবছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের ফলাফলে সেরা দশে জায়গা করে নিয়েছেন ৫ বাংলাদেশি শিক্ষার্থী। এ ছাড়া মাধ্যমিক (এসএসসি) পর্যায়েও সেরা দশে জায়গা করে নিয়েছেন একজন বাংলাদেশি শিক্ষার্থী। আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্য নতুন করে গৌরবের উপলক্ষ তৈরি করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কৃতিত্বের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়। আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যেবের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত ইসলামিক মিশন ইনস্টিটিউটের বালক ও বালিকা শাখা থেকে এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

মিশরে বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আওসবি

এ বছর ১৪৫টি দেশের দুই হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী আল-আজহার ইসলামিক মিশন ইনস্টিটিউটের বালক ও বালিকা শাখা থেকে এসএসসি ও এইচএসসি পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ জন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আস-সাঈদি, মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে, বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সহসভাপতি দেলোয়ার মাহমুদ খান মিল্কী, সংগঠনটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মিশরে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা।

শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যরা। ছবি: এশিয়া পোস্ট
শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যরা। ছবি: এশিয়া পোস্ট

অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা আস-সাঈদি, শিক্ষা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. আবু আল-ইয়াজিদ সালামা এবং আল-আজহার ইসলামিক রিসার্চ একাডেমির মহাসচিব ড. আবদুদ দায়িম জুনদি। তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানার্জন, নৈতিকতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনার অনুষ্ঠিত

এসময় মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান। তিনি তাঁদের পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগী হওয়ার পাশাপাশি এমন কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার পরামর্শ দেন, যা তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

রাষ্ট্রদূত শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, তাঁদের প্রয়োজন, পরামর্শ ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস সব সময় পাশে থাকবে। তাঁর উপস্থিতি ও আন্তরিক বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বিদেশের মাটিতে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জনের মুহূর্তে বাংলাদেশের একজন প্রতিনিধিকে পাশে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এইচএসসি পর্যায়ে সেরা দশে স্থান অর্জন করা ৫জন বাংলাদেশি শিক্ষার্থী হলেন—আব্দুল্লাহ আশরাফ মাহমুদ, মুহাম্মাদ সুহাইল, রিদোয়ান আহমাদ, নাঈম উদ্দিন হাবিব, এমডি হারুন রাশেদ ও মুহাম্মাদ হুসাইন। এ ছাড়া এসএসসি পর্যায়েও সেরা দশে স্থান অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মাদ হুসাইন।

মিশরের আইন শামস বিশ্ববিদ্যালয়ে ৫ দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান

আল-আজহার ইসলামিক মিশন ইনস্টিটিউটের বালক ও বালিকা শাখার সংশ্লিষ্ট শিক্ষকেরাও বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। বালক শাখার ডিন তামিম ফয়সাল ও বালিকা শাখার ডিন সুরাইয়া আবদুস সামিসহ সংশ্লিষ্ট শিক্ষকেরা বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, সুন্দর আচরণ ও পড়াশোনার প্রতি আন্তরিকতার প্রশংসা করেন।

তাঁরা জানান, বাংলাদেশি শিক্ষার্থীরা বরাবরের মতো এবারও নিজেদের যোগ্যতা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তাঁরা।