শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৯ রান, হাতে একটি উইকেট। সহজ লক্ষ্য তাড়ায় একের পর এক উইকেট হারিয়ে শিরোপার স্বপ্ন ফিকে হয়ে আসছিল শ্রীলঙ্কার। তবে স্নায়ুচাপ সামলে শেষ উইকেটে অবিচ্ছিন্ন ২২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লাহিরু সামারাকুন ও গারুকা সংকেত। পাকিস্তানের টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে আট বছর পর রাইজিং স্টারস এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা।
রোববার (২৯ নভেম্বর) কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল। পাকিস্তানের ২১৬ রানের জবাবে ৫১ বল হাতে রেখেই ৯ উইকেটে ২২০ রান তুলে নেয় লঙ্কানরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে একপর্যায়ে বেশ ভালো অবস্থানে ছিল পাকিস্তান। তবে ১৪৪ রানে তিন উইকেট থেকে মাত্র ২৩ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
শাহজাইব খান ৯১ বলে সর্বোচ্চ ৬০ রান করেন। শেষ দিকে রোহাইল নাজিরের ৩৭ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৬ রান তোলে পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে রবিন্দু ফার্নান্দো ও গারুকা সংকেত নেন তিনটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতেই দুই উইকেট হারালেও রানের গতি ঠিক রেখেছিল শ্রীলঙ্কা। তৃতীয় উইকেটে অধিনায়ক পাভান রত্নায়েকেকে সঙ্গে নিয়ে ৮০ রানের জুটি গড়েন নিশান মাদুশকা।
৩০ রান করা রত্নায়েকেকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সুফিয়ান মুকিম। একই ওভারে নিপুন ধনঞ্জয়াকেও শূন্য রানে ফেরান পাকিস্তানি স্পিনার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন মাদুশকা। তবে দলীয় ১৯৮ রানে আহমেদ দানিয়ালের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ছয়টি চার ও দুটি ছক্কায় ৯৫ বলে ৮৭ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার।
পরের ওভারেই কোনো রান যোগ না করে আরও দুটি উইকেট হারায় শ্রীলঙ্কা। তাতে জমে ওঠে ফাইনাল।
তবে শেষ উইকেটে সামারাকুন ও সংকেতের দৃঢ়তায় আর পেরে ওঠেনি পাকিস্তান। বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সংকেত। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ম্যাচসেরা হন মাদুশকা।
২০১৭ ও ২০১৮ সালে শিরোপা জেতা শ্রীলঙ্কা এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হলো। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কোনো ম্যাচ না হেরেই শিরোপা পুনরুদ্ধার করল লঙ্কানরা।



