logo

ফাইনালে পাকিস্তানকে ২১৬ রানে আটকে দিল শ্রীলঙ্কা

ফাইনালে পাকিস্তানকে ২১৬ রানে আটকে দিল শ্রীলঙ্কা
লঙ্কান বোলারদের সামনে বেশি রান করতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। ছবি: জিও সুপার

১৪৪ রান তুলতেই পাকিস্তানের হাতে ছিল সাত উইকেট। বড় সংগ্রহ গড়ার ভালো সম্ভাবনাও ছিল বর্তমান চ্যাম্পিয়নদের সামনে। অথচ মাত্র ২৩ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে সেই সম্ভাবনা জলাঞ্জলি দিল পাকিস্তান ‘এ’ দল। শাহজাইব খানের হাফ সেঞ্চুরির পরও শ্রীলঙ্কার বোলারদের দাপটে দুইশর কিছু বেশি রানেই থেমেছে পাকিস্তানের ইনিংস।

রোববার (২৯ নভেম্বর) কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান তুলেছে আব্দুল সামাদের দল।

Advertisement

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ১৩ রানে মাজ সাদাকাতকে (৫) ফিরিয়ে শ্রীলঙ্কাকে প্রথম সাফল্য এনে দেন রবিন্দু ফার্নান্দো। এরপর শাহজাইবের সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন শামিল হোসেন। পাঁচটি চার ও একটি ছক্কায় ৪৩ বলে ৪০ রান করে গারুকা সংকেতের শিকার হন এই ওপেনার।

হাসান নওয়াজও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ২৬ বলে মাত্র ৯ রান করে ফিরলে ৯২ রানে তিন উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে অধিনায়ক সামাদকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়েন শাহজাইব।

৪৩ বলে ৩৩ রান করা সামাদকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন নিপুন ধনঞ্জয়া। এরপর পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান লঙ্কান বোলাররা। ফরহান ইউসুফের (৭) বিদায়ের পর শাহজাইবকেও ফেরান ফার্নান্দো। চারটি চারের সাহায্যে ৯১ বলে ৬০ রান করেন এই ব্যাটার।

১৪৪ রানে তিন উইকেট থেকে ১৬৭ রানে আট উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে নবম উইকেটে সুফিয়ান মুকিমকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৪৬ রান যোগ করেন উইকেটকিপার-ব্যাটার রোহাইল নাজির। তিনটি চার ও দুটি ছক্কায় ৪৩ বলে ৩৭ রান করেন তিনি। মুকিম অপরাজিত থাকেন ১৬ রানে।

শ্রীলঙ্কার হয়ে ১০ ওভারে একটি মেডেনসহ মাত্র ২৬ রান দিয়ে তিন উইকেট নেন ফার্নান্দো। ৪৬ রানে তিন উইকেট শিকার করেন সংকেত। এ ছাড়া ওয়ানুজা সাহান দুটি ও নিপুন ধনঞ্জয়া একটি উইকেট পেয়েছেন।

এর আগে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান। অন্যদিকে ভারত ‘এ’ দলের ৩১৭ রানের সংগ্রহ আট উইকেট হাতে রেখেই পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা।

২০১৯, ২০২৩ ও ২০২৫ সালে শিরোপা জেতা পাকিস্তানের সামনে এবার চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। অন্যদিকে ২০১৭ ও ২০১৮ সালে শিরোপা জেতা শ্রীলঙ্কার আট বছরের অপেক্ষার অবসান ঘটাতে প্রয়োজন ২১৭ রান।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট