আইসিসি থেকে বড় শাস্তি পেলেন হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি তাওহিদ হৃদয়। এবার সেই ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের কারণে বড় শাস্তি পেলেন বাংলাদেশের এই ব্যাটার। আলোকস্বল্পতায় খেলা বন্ধ করতে দেরি হওয়ার প্রতিবাদে আক্রমণাত্মক আচরণ করায় তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে, বুধবার (১৮ নভেম্বর) ঘটনাটি ঘটে।
সেদিন আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তার অভিযোগ ছিল, আলোর পরিস্থিতি বিবেচনায় আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল।
আইসিসি জানিয়েছে, বিষয়টি নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলার সময় আক্রমণাত্মক ও অশোভন আচরণ করেন বাংলাদেশের এই ব্যাটার। পরে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের অভিযোগে আইসিসির আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত হন তিনি।
হৃদয়ের অপরাধকে লেভেল-১ পর্যায়ের শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বনিম্ন আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে।
হৃদয় নিজের অপরাধ স্বীকার করে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত ২৪ মাসে এটি হৃদয়ের প্রথম শৃঙ্খলাভঙ্গের ঘটনা বলে জানিয়েছে আইসিসি। ফলে দুটি ডিমেরিট পয়েন্ট পেলেও এখনই নিষিদ্ধ হতে হচ্ছে না তাকে। তবে এই সময়ের মধ্যে আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার মুখে পড়বেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি সাসপেনশন পয়েন্টের শাস্তি হিসেবে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হতে হয় সংশ্লিষ্ট ক্রিকেটারকে।
জোহানেসবার্গ টেস্টে শাস্তি পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হৃদয়। এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে প্রতিপক্ষের ব্যাটারের দিকে বিপজ্জনকভাবে বল ছুড়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন পেসার এবাদত হোসেন।
অথচ ব্যাট হাতে এই টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার ছিলেন হৃদয়। প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। লিটন দাসের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েন ২০৬ রানের জুটি। তাঁদের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৪০০ রান তুলেছিল বাংলাদেশ।
তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে হারে বাংলাদেশ। আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।


-37a954.webp)

-37a954-720x405.webp)

-6a655e-720x405.webp)