যুবরাজের এক ফোনেই বদলে গেলেন সূর্যবংশী

ব্যাটে রান আসছিল না। নিজের ব্যাটিং নিয়েও দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন বৈভব সূর্যবংশী। এমন পরিস্থিতিতে দ্বারস্থ হন নিজের আদর্শ যুবরাজ সিংয়ের। ভারতের সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে আধঘণ্টার ফোনালাপেই যেন বদলে গেল সবকিছু এরপরই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেটের রেকর্ডবুক ওলটপালট করে দিলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে আমিরাতের বিপক্ষে ২৮ ছক্কা ও ৭ চারে ডাবল সেঞ্চুরি করেন সূর্যবংশী। অথচ সেপ্টেম্বরের শুরু থেকে এই ম্যাচের আগপর্যন্ত কোনো ইনিংসেই ৪৫ রানের বেশি করতে পারেননি তিনি। চলতি প্রতিযোগিতায় নেপাল ও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ২৬ ও ১১ রান।
রেকর্ডগড়া ইনিংসের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে সূর্যবংশী জানিয়েছেন, কঠিন সময়ে চারজনের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তারা হলেন তার বাবা, ছোটবেলার কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলের সাবেক সতীর্থ ও বন্ধু প্রথম জাচক এবং যুবরাজ সিং।
ব্যাটিং করতে নেমে কী ধরনের সমস্যায় পড়ছিলেন, সেসব নিয়ে যুবরাজের সঙ্গে খোলামেলা কথা বলেন সূর্যবংশী। প্রায় আধঘণ্টা ধরে ব্যাটিংয়ের বিভিন্ন কারিগরি দিক বুঝিয়ে দেন ভারতের সাবেক এই অলরাউন্ডার।
যুবরাজের পরামর্শের কথা জানাতে গিয়ে সূর্যবংশী বলেন, ‘আমি যদি ২০ বল খেলতে পারি, তাহলে স্কোরটা অন্যরকম হবে।’
যুবরাজের সঙ্গে কথা বলার পর নিজের ব্যাটিংয়ের পুরোনো ভিডিও দেখেন সূর্যবংশী। সেখানে কিছু ভুলও চিহ্নিত করেন। আমিরাতের বিপক্ষে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি এড়ানোর চেষ্টা করেছেন বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটার।
যুবরাজকে নিজের আদর্শ উল্লেখ করে সূর্যবংশী জানান, তার দেওয়া প্রতিটি পরামর্শ মনোযোগ দিয়ে শুনেছেন। সেগুলো কাজে লাগিয়েই ব্যাটিংয়ের সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন।
নিজেকে শুধু একটি সংস্করণের ব্যাটার হিসেবেও দেখেন না সূর্যবংশী। পরিস্থিতির দাবি অনুযায়ী তিন সংস্করণেই নিজের ব্যাটিংয়ের ধরন বদলানোর সামর্থ্য আছে বলে বিশ্বাস তার।
আমিরাতের বিপক্ষেও শুরুতে দীর্ঘ সময় ব্যাটিং করার মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলেন সূর্যবংশী। তবে উইকেট থেকে বোলাররা খুব একটা সহায়তা পাচ্ছিলেন না। বলও ব্যাটে আসছিল ভালোভাবে। তাই নিজের সহজাত শক্তির ওপরই আস্থা রেখে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এই বাঁহাতি ব্যাটার।
মাত্র ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ ও ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনটি বিশ্বরেকর্ড গড়েন সূর্যবংশী। ছেলেদের পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও এখন তার দখলে। তার ব্যাটিং তাণ্ডবে আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’ দল। ৭ উইকেটের জয়ে নিশ্চিত করে সেমিফাইনালও।




