logo

৩৬৩ তাড়া করে ইতিহাস ভারতের মেয়েদের

৩৬৩ তাড়া করে ইতিহাস ভারতের মেয়েদের
৩৬৩ রানও দশ বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছে ভারতের মেয়েরা। ছবি: উইসডেন

নারী ক্রিকেটে রান তাড়ার ইতিহাসে জায়গা করে নিল ভারতের ‘এ’ দল। অস্ট্রেলিয়া ‘এ’-এর দেওয়া ৩৬৩ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে তারা। নারী লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া।

শুক্রবার মোহালিতে তিন ম্যাচ সিরিজের শেষ অনানুষ্ঠানিক ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে ভারত ‘এ’। এই জয়ে সিরিজটিও ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

বিশাল লক্ষ্য তাড়ায় ভারতের নায়ক মিন্নু মনি। সাত নম্বরে নেমে মাত্র ৫৬ বলে অপরাজিত ৮৮ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা।

তবে ভারতের পথটা মোটেও সহজ ছিল না। ২০তম ওভারে ১১৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর ম্যাচ অনেকটাই অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল। সেখান থেকে অনুষ্কা শর্মা ও নিকি প্রসাদের ৯১ রানের জুটি ভারতকে লড়াইয়ে ফেরায়।

এরপর নিকির সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৭ রান যোগ করেন মিন্নু। নিকি করেন ৭৬, অনুষ্কার ব্যাট থেকে আসে ৫৮। ওপেনার তানিশা সিংও করেন ৬০ রান। শেষ দিকে জিন্তিমণি কলিতাকে সঙ্গে নিয়ে ৪৮.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন মিন্নু।

এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ ৯ উইকেটে করেছিল ৩৬২ রান। চার্লি নট ১০৯ ও কোর্টনি ওয়েব ৯৫ রান করেন। তৃতীয় উইকেটে দুজনের জুটি ছিল ১৬৬ রানের। ভারতের বৈষ্ণবী শর্মা ৪৮ রানে এবং নিকি প্রসাদ ৮৪ রানে নেন চারটি করে উইকেট।

নারী লিস্ট ‘এ’ ক্রিকেটে এর চেয়ে বড় লক্ষ্য তাড়া হয়েছে মাত্র একবার। ২০২৪ সালে রাজকোটে হরিয়ানার বিপক্ষে ৩৯০ রান তাড়া করে জিতেছিল বেঙ্গল।