চেন্নাই সুপার কিংসের নতুন কোচ জহির খান

চেন্নাই সুপার কিংসের দীর্ঘদিনের কোচিং অধ্যায়ের পর শুরু হচ্ছে নতুন যুগ। স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরি হিসেবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের প্রধান কোচ হয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরকে নতুন প্রধান কোচ হিসেবে স্বাগত জানিয়ে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই। আগামী ২০২৭ আইপিএল দিয়ে দায়িত্ব শুরু করবেন তিনি।
২০০৯ সাল থেকে টানা ১৮ বছর চেন্নাইয়ের প্রধান কোচ ছিলেন ফ্লেমিং। তার অধীনে আইপিএলের অন্যতম সফল দলে পরিণত হয় ফ্র্যাঞ্চাইজিটি। সম্প্রতি ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ায় চেন্নাই অধ্যায়ের ইতি টানেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
নতুন দায়িত্ব পেয়ে জহির বলেন, আইপিএলের অন্যতম সফল দলের অংশ হতে পারাটা তার জন্য সম্মানের। খেলোয়াড় হিসেবে চেন্নাইয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন তিনি।
Left Arm “Taking” Over! 💫🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) September 21, 2026
Welcoming Zaheer Khan as the Head Coach of Chennai Super Kings!#WhistlePodu #Yellove 🦁💛
ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী জহিরের আইপিএলেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। খেলোয়াড় হিসেবে বেঙ্গালুরু, মুম্বাই ও দিল্লির হয়ে খেলেছেন তিনি। ১০০ আইপিএল ম্যাচে নিয়েছেন ১০২ উইকেট।
খেলা ছাড়ার পর মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক হিসেবে কাজ করেছেন জহির। ২০২৫ মৌসুমে লখনউ সুপার জায়ান্টসের মেন্টরও ছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোচ বাছাইয়ের ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির মতামতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এক বছরের চুক্তিতে জহিরকে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
গত তিন মৌসুমে প্লে-অফে উঠতে না পারা চেন্নাই এবার নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। সামনে খেলোয়াড় ধরে রাখা ও ডিসেম্বরের মিনি নিলামের পরিকল্পনাও হবে জহিরের প্রথম গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি।
