logo

সমালোচনার চাপেই কি মুশফিকের অবসরের সিদ্ধান্ত?

সমালোচনার চাপেই কি মুশফিকের অবসরের সিদ্ধান্ত?
মুশফিকুর রহিম। ছবি: গেটি ইমেজ

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজের সেরা ছন্দে ছিলেন না মুশফিকুর রহিম। পারফরম্যান্স নিয়ে সমালোচনার পাশাপাশি জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়েও উঠছিল প্রশ্ন। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে নিয়ে আরও কিছুদিনের পরিকল্পনা ছিল নির্বাচকদের। তার আগেই অবসরের সিদ্ধান্ত নেওয়ায় বিস্মিত হয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সাম্প্রতিক সমালোচনাই মুশফিকের বিদায়ের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি তামিম ইকবাল জানান, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক।

Advertisement

কাতারের দোহায় অবস্থানরত বাশার দেশের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি কিছুটা হতাশ। গত কয়েক দিনে যা ঘটেছে, তা তাকে এখনই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে কি না, জানি না।’

গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ২৫৩ রান করেছিলেন মুশফিক। তবে এরপর ১১ টেস্ট ইনিংসে ২৯.৯০ গড়ে করেছেন ২৯৯ রান। এই সময়ে তার একমাত্র হাফ সেঞ্চুরিটি এসেছে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে। আঙুল ও কুঁচকির চোটের কারণে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি করে টেস্টেও খেলতে পারেননি তিনি।

সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও মুশফিকের সামর্থ্য নিয়ে সংশয় ছিল না বাশারের। বরং চলতি বছরের পরিসংখ্যান সামনে এনে অভিজ্ঞ এই ব্যাটারের সমালোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচক।

টেস্ট ক্যারিয়ারে মুশফিকের ব্যাটিং গড় ৩৮.৮০। অথচ চলতি বছর আট টেস্টে ৩৯.৪৩ গড়ে ৫৫২ রান করেছেন তিনি। রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। ক্যারিয়ার গড়ের চেয়েও বেশি গড়ে রান করার পর কয়েকটি ম্যাচের পারফরম্যান্স দিয়ে মুশফিককে বিচার করাকে দুর্ভাগ্যজনক মনে করেন বাশার।

প্রধান নির্বাচকের পরিকল্পনা ছিল আগামী বছর লর্ডস টেস্ট পর্যন্ত মুশফিককে দলে রাখা। এরপর তার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন তিনি।

আগামী ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ২০০৫ সালে এই মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকের। তবে তার আগেই মিরপুরে শেষ হতে যাচ্ছে অভিজ্ঞ এই ব্যাটারের বর্ণাঢ্য পথচলা।

শুধু ব্যাটিং নয়, ড্রেসিংরুমে মুশফিকের উপস্থিতি ও তরুণ ক্রিকেটারদের সহযোগিতা করার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিতেন বাশার। সে কারণেই মুশফিকের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশের হয়ে সর্বাধিক ১০৮ টেস্ট খেলা মুশফিকের সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

মুশফিকের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন বাশার। তবে সমালোচনা তার অবসরের সিদ্ধান্তে আদৌ কোনো ভূমিকা রেখেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। নিজের ফেসবুকে প্রকাশিত অবসরের বার্তায় এ বিষয়ে কিছুই উল্লেখ করেননি মুশফিক।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট