logo

অলরাউন্ডার সংকটে তরুণদের দিকে তাকিয়ে লিটন

অলরাউন্ডার সংকটে তরুণদের দিকে তাকিয়ে লিটন
লিটন দাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় দলে নির্ভরযোগ্য অলরাউন্ডারের বিকল্প তৈরি রাতারাতি সম্ভব নয় বলে মনে করেন লিটন দাস। কয়েকজন তরুণকে নিয়ে কাজ চলছে, তবে তাদের কাছ থেকে আন্তর্জাতিক পর্যায়ে ফল পেতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এশিয়ান গেমসের উদ্দেশে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে দলের অলরাউন্ডার সংকট নিয়ে প্রশ্নের মুখে পড়েন লিটন। সাম্প্রতিক সময়ে মোহাম্মদ সাইফউদ্দিনসহ কয়েকজন অলরাউন্ডারের চোটের প্রসঙ্গও আসে সেখানে।

জবাবে লিটন বলেন, “বাংলাদেশে কিছু কিছু ইয়াং প্লেয়ার আছে, তাদেরকে নিয়ে প্রচুর কাজ করতেছে। ডেফিনেটলি তাদের একটু সময় লাগবে। বাট আশা করি যে এক-দেড় বছরের ভিতরে তাদের কাজ থেকে ভালো কোনো কিছু পাব।”

এশিয়ান গেমসে অবশ্য সেই ঘাটতি নিয়ে বেশি ভাবতে চান না লিটন। তার মতে, অনেক কিছু দলের নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে, তবে শেষ পর্যন্ত মাঠে নেমে ভালো ক্রিকেট খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আল্টিমেট জিনিস তো আমাদের ম্যাচ খেলতে হবে এবং ম্যাচ খেলে ভালো কিছু করতে হবে।”

এশিয়ান গেমসে বাংলাদেশের বড় লক্ষ্য ফাইনালে ওঠা। সেই লক্ষ্য সামনে রেখেই বর্তমান দল নিয়ে এগোতে চান লিটন, পাশাপাশি ভবিষ্যতের জন্য তরুণ অলরাউন্ডারদের তৈরি করার কাজও চলবে।