logo

ধোনির পছন্দেই চেন্নাইয়ের কোচ জহির খান

ধোনির পছন্দেই চেন্নাইয়ের কোচ জহির খান
ধোনির পরামর্শেই জহির খানকে কোচ করেছে চেন্নাই। ছবি: বিসিসিআই

স্টিফেন ফ্লেমিংয়ের দীর্ঘ অধ্যায় শেষ হওয়ার পর প্রধান কোচ বাছাইয়ে পরিচিত কাউকেই চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের সেই চাওয়াই শেষ পর্যন্ত জহির খানের নিয়োগে বড় ভূমিকা রেখেছে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা সাবেক ভারতীয় পেসারকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

চেন্নাইয়ের দল ব্যবস্থাপনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ধোনি এমন একজনকে চাইছিলেন যার সঙ্গে আগে থেকেই তার পরিচয় ও কাজের সম্পর্ক আছে। কোচ বাছাইয়ের প্রক্রিয়ায় ধোনির সঙ্গে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও মালিক রূপা গুরু নাথও যুক্ত ছিলেন। এবার একজন ভারতীয়কেই দায়িত্ব দেওয়ার পক্ষে ছিল চেন্নাই।

সেই হিসাবে জহির ছিলেন স্বাভাবিকভাবেই শক্তিশালী প্রার্থী। ভারতের হয়ে ধোনির নেতৃত্বে দীর্ঘ সময় খেলেছেন তিনি। ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জহির সেই আসরে ২১ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন।

চেন্নাইয়ের দায়িত্ব নিয়ে জহির বলেছেন, ‘আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটির অংশ হওয়া সম্মানের। ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি এবং সেই লড়াইগুলো উপভোগ করেছি। চেপকের সমর্থকেরা পরিবেশটাকে আরও বিশেষ করে তোলে।’

কোচিং ও দল পরিচালনার অভিজ্ঞতাও আছে ৪৭ বছর বয়সী জহিরের। মুম্বাই ইন্ডিয়ান্সে ক্রিকেট পরিচালনা ও খেলোয়াড় উন্নয়ন বিভাগে কাজ করেছেন। পরে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্বও পালন করেন। তবে আইপিএলে কোনো দলের পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে এটিই তার প্রথম দায়িত্ব।

জহির জায়গা নিচ্ছেন চেন্নাইয়ের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচদের একজন ফ্লেমিংয়ের। ২০০৯ সালে প্রধান কোচ হওয়ার পর প্রায় ১৭ বছর দায়িত্বে ছিলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক। তার সময়ে পাঁচটি আইপিএল শিরোপা জেতে চেন্নাই। গত জুলাইয়ে তিনি সরে দাঁড়ানোর পর ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন।

জহিরকে স্বাগত জানিয়ে চেন্নাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কাশি বিশ্বনাথন বলেছেন, ‘জহির বিশ্বমানের বোলার ছিলেন এবং বছরের পর বছর অনেক তরুণ ক্রিকেটার, বিশেষ করে পেসারদের পরামর্শ দিয়েছেন। ক্রিকেট নিয়ে তার ভাবনা অসাধারণ। তাকে আমাদের পরিবারের অংশ হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’