যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, কতটা ভয়ঙ্কর এই বোমা

যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে খোদ যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরান বড়সর হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। আর ভয়াবহ হামলায় ইরান ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলেও গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ (রেডিওলজিক্যাল জিসপার্সাল ডিভাইস বা আরডিডি) হামলার ছক কষেছে তেহরান।
সাতজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনসহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা। গোয়েন্দাদের আশঙ্কা, তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ডার্টি বোমার হামলায় ওয়াশিংটন ও নিউইয়র্কের মতো বড় শহরে বিপর্যয় সৃষ্টি হতে পারে।
তবে ইরান বর্তমানে এ ধরনের হামলার পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা রাখে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই সংশয় রয়েছে।
মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার বিষয়ে ইরানের কথিত তৎপরতা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। কর্মকর্তাদের আশঙ্কা, পাচারকারীদের মাধ্যমে ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখতে পারে।
তবে এ দাবির পক্ষে এখনও স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ সামনে আসেনি।
ডার্টি বোমা হামলার আশঙ্কা কেন
ইরানের পাচারচক্র বেশ শক্তিশালী বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক ইরানি নাগরিকের বসবাসের বিষয়টিও গোয়েন্দাদের বিবেচনায় রয়েছে। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগও আগে উঠেছিল। এসব বিষয় মাথায় রেখেই সতর্ক অবস্থানে রয়েছেন মার্কিন গোয়েন্দারা।
ডার্টি বোমা হামলার জন্য যুদ্ধবিমান বা ড্রোনের প্রয়োজন হয় না। প্রচলিত বিস্ফোরকের মতোই ভূমি থেকে এ ধরনের বোমা ব্যবহার করা সম্ভব। তবে এ ধরনের হামলা চালানো সহজ, এমনটা মনে করারও কারণ নেই।
ডার্টি বোমায় প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। বিস্ফোরণের ফলে এসব পদার্থ আশপাশে ছড়িয়ে পড়তে পারে। এতে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
সিএনএন-কে দুটি সূত্র জানিয়েছে, হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের রাজধানীর নির্দিষ্ট কিছু স্থান ও সম্ভাব্য লক্ষ্যবস্তুর কথা উল্লেখ রয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, সম্ভাব্য হুমকির বিষয়ে প্রশাসন নজর রাখছে। তবে তাৎক্ষণিক কোনো বিপদের বিষয়ে নিশ্চিত তথ্য নেই বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
প্রতিবেদন অনুযায়ী, লরেন বিস বলেন, ‘আমরা সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছি। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’
কতটা বিপজ্জনক ডার্টি বোমা
ডার্টি বোমা হলো এমন এক ধরনের প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। একে ইংরেজিতে রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস (আরডিডি) বলা হয়। তবে এটি পারমাণবিক বোমা নয়। বরং সাধারণ বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার অস্ত্র। এই তেজস্ক্রিয় পদার্থ বাতাসের মাধ্যমে কয়েক ব্লক থেকে কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমা বিস্ফোরণে হতাহতের প্রধান কারণ সাধারণত তেজস্ক্রিয়তা নয়, বরং প্রচলিত বিস্ফোরণের অভিঘাত। সাধারণ বিস্ফোরকের তুলনায় ডার্টি বোমা তৈরি করা খুব বেশি কঠিন নয়। তবে এর জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করাই সবচেয়ে কঠিন বিষয়।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একজন সূত্র বলেন, এ ধরনের অস্ত্র নিখুঁত হামলার অস্ত্র নয়, বরং আতঙ্ক সৃষ্টির অস্ত্র। যেমন একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে বিস্ফোরিত করে। এগুলো মানুষকে গুরুতর অসুস্থ করে তুলতে পারে এবং নির্দিষ্ট কিছু এলাকাকে বসবাসের অনুপযোগী করে দিতে পারে।
১৯৯৪ সালে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয়েছিল, ছোট পরিসরে হামলা চালানোর জন্য তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে বোমা তৈরির চেষ্টা করছে ইরান। তবে সে সময় এ অভিযোগের বিষয়ে ইরান সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০১৬ সালে লন্ডন থেকে প্রকাশিত আরবি সংবাদপত্র ‘আশারক আল-আওসাত’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হয়েছে। তবে ওই ইউরেনিয়াম কোথায় গেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এ ছাড়া সিজিয়াম-১৩৭ ও কোবাল্ট-৬০-এর মতো তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে ইরান ডার্টি বোমা তৈরি করে রেখেছে বলেও দাবি করা হচ্ছে। এই দুই পদার্থই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে কেন ইরান
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে সংঘাতের অবসান ঘটেনি। ইরানের আশঙ্কা, যুক্তরাষ্ট্র আবারও দেশটির ওপর হামলা চালাতে পারে। সেই আশঙ্কা থেকেই তেহরান যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার হুমকি দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারিতে যুদ্ধ চলাকালে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতও হন। তবে তখন ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডার্টি বোমা হামলা চালায়নি। ফলে বর্তমান পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
কী বলছে ইরান ও আমেরিকা
রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে তেহরান- এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে নিউইয়র্কে জাতিসংঘে ইরানের কূটনৈতিক মিশন। এক বিবৃতিতে ইরানের মিশন বলেছে, ‘যে কোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ বলে মনে করে ইরান। এ বিষয়ে ছড়ানো মিথ্যা ও মনগড়া অভিযোগ আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগন প্রশ্নগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে পাঠায়। তবে ওই দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে সিএনএন।
(2)-6182f1.jpg)


