logo

রোমারিওর অনুষ্ঠানেই আনচেলত্তির পক্ষ নিলেন গার্দিওলা

রোমারিওর অনুষ্ঠানেই আনচেলত্তির পক্ষ নিলেন গার্দিওলা
কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা। ছবি: কোলাজ

ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে আর দেখতে চান না রোমারিও। বিশ্বকাপের ব্যর্থতার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও সেলেসাওদের বিবর্ণ পারফরম্যান্সে ইতালিয়ান কোচের বরখাস্তের দাবি তুলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। তবে রোমারিওর সঙ্গে একমত নন পেপ গার্দিওলা। বরং রোমারিওর অনুষ্ঠানেই আনচেলত্তির পক্ষ নিয়ে কথা বলেছেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। বিশ্বকাপের পরও প্রত্যাশিত ছন্দে ফিরতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত ১৪ নভেম্বর সিঙ্গাপুরে জাপানের কাছে ৩-২ গোলে হারের পর আনচেলত্তিকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন রোমারিও।

Advertisement

মঙ্গলবার (২৪ নভেম্বর) রোমারিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন গার্দিওলা। বার্সেলোনায় একসময় একসঙ্গে খেলেছেন দুজন। তবে আনচেলত্তির প্রসঙ্গে সাবেক সতীর্থের সঙ্গে ভিন্নমত পোষণ করেন স্প্যানিশ কোচ।

রোমারিওর অসন্তোষ শুধু ব্রাজিলের হার নিয়ে নয়, দলের খেলার ধরন নিয়েও। ব্যক্তিগতভাবে আনচেলত্তির প্রতি কোনো বিদ্বেষ নেই জানিয়ে রোমারিও বলেন, ইতালিয়ান কোচের অভিজ্ঞতা ও সাফল্য বিবেচনায় তার কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন তিনি।

গার্দিওলা অবশ্য মনে করিয়ে দিয়েছেন, ব্রাজিলের কোচের ওপর প্রত্যাশার চাপ কতটা, তা নিয়ে অনেক ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে কথা হয়েছে তার। আনচেলত্তি, ইয়ুর্গেন ক্লপ, হোসে মরিনহো কিংবা তিনি নিজে দায়িত্ব নিলেও রাতারাতি ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন বানানো সম্ভব নয় বলে মনে করেন স্প্যানিশ কোচ।

আনচেলত্তির কোচিং সামর্থ্য নিয়েও কোনো সংশয় নেই গার্দিওলার। রোমারিওকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দুঃখিত রোমারিও, কার্লোর সামর্থ্য নিয়ে সন্দেহ করা আমার পক্ষে অসম্ভব।’

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বহুবার আনচেলত্তির মুখোমুখি হয়েছেন গার্দিওলা। সেই অভিজ্ঞতা থেকেই ইতালিয়ান কোচের কৌশলগত বুদ্ধিমত্তা ও খেলোয়াড়দের সামলানোর দক্ষতার প্রশংসা করেন তিনি। নতুন দেশ, নতুন সংস্কৃতি এবং জাতীয় দলের সীমিত অনুশীলনের সময়ের সঙ্গে মানিয়ে নিতেও আনচেলত্তির সময় প্রয়োজন বলে মনে করেন গার্দিওলা।

তবে জয় না পেলে কোনো কোচের পক্ষেই দীর্ঘদিন দায়িত্বে থাকা সম্ভব নয় বলে স্বীকার করেছেন তিনি। ম্যানচেস্টার সিটিতে নিজের এক দশক দায়িত্ব পালনের পেছনেও নিয়মিত সাফল্য পাওয়াকেই কারণ হিসেবে উল্লেখ করেন গার্দিওলা।

একই সাক্ষাৎকারে গার্দিওলাকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহ আছে কি না, সেই প্রশ্নও করেন রোমারিও। তবে ব্রাজিলের জনপ্রিয় পানীয় কাইপিরিনহার প্রশংসা করে হাস্যরসের মাধ্যমে প্রশ্নটি এড়িয়ে যান স্প্যানিশ কোচ।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট