logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ম্যানইউর দুই প্রস্তাব প্রত্যাখ্যান, কারণ জানালেন ব্রুনো

ম্যানইউর দুই প্রস্তাব প্রত্যাখ্যান, কারণ জানালেন ব্রুনো
ব্রুনো ফার্নান্দেজ। ছবি: গেটি ইমেজ

ম্যানচেস্টার ইউনাইটেডের দেওয়া নতুন চুক্তির দুটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। এরপর থেকেই গুঞ্জন, আরও বেশি বেতন কিংবা দীর্ঘমেয়াদি চুক্তির দাবিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার। তবে এবার সেই আলোচনা উড়িয়ে দিলেন ইউনাইটেড অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন, অর্থই যদি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতো, তাহলে অনেক আগেই ওল্ড ট্রাফোর্ড ছেড়ে চলে যেতেন। বরং দলের বর্তমান দুরবস্থার কারণেই আপাতত নতুন চুক্তির আলোচনা সরিয়ে রেখেছেন তিনি।

লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কাই স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন ব্রুনো। ক্লাবের কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে বর্তমানে দুই পক্ষের মধ্যে কোনো আলোচনা চলছে না বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

ব্রুনো বলেন, ‘কোনো আলোচনা চলছে না। তবে দেখছি, অনেকে বলছেন আমি নাকি আরও বেশি টাকা কিংবা দীর্ঘমেয়াদি চুক্তি চেয়েছি। বেশি টাকা চাইলে আমি এখানে থাকতাম না। অন্য কোথাও গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারতাম।’

পর্তুগিজ তারকা আরও জানান, গত কয়েক বছরে বেশ কয়েকবার ক্লাব ছাড়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এমনকি চাইলে ম্যানচেস্টারের তুলনায় অনেক উষ্ণ আবহাওয়ার কোনো শহরেও থাকতে পারতেন। কিন্তু প্রতিবারই ইউনাইটেডের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্লাবের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে ব্রুনো বলেন, ‘গত দুই-তিন বছর এবং গত গ্রীষ্মেও আমার চলে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু প্রতিবারই এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই ক্লাবকে কতটা ভালোবাসি এবং এখানে কতটা জিততে চাই, সেটা সব সময় দেখিয়েছি।’

গত বছরের জুনে সৌদি আরবের ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ব্রুনো। তাকে দলে নিতে ইউনাইটেডকে প্রায় ১০ কোটি পাউন্ড দেওয়ার পাশাপাশি তার সাপ্তাহিক আড়াই লাখ পাউন্ড বেতন প্রায় তিন গুণ করতে রাজি ছিল সৌদি ক্লাবটি। তবে সেই প্রস্তাবেও সাড়া দেননি ইউনাইটেড অধিনায়ক।

নতুন চুক্তির আলোচনা থেমে থাকার কারণও ব্যাখ্যা করেছেন ব্রুনো। তার ভাষ্য অনুযায়ী, গত মৌসুমের শেষদিকে এবং চলতি মৌসুমের শুরুতে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়েছিল। তবে ইউনাইটেডের বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত চুক্তির বিষয়টি নিয়ে এগোনো ঠিক হবে না বলে মনে করছেন তিনি।

ব্রুনো বলেন, ‘ক্লাব আমাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। এতে বোঝা যায়, তারা আমাকে রাখতে চায়। কিন্তু দলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিষয়টি আপাতত সরিয়ে রেখেছি। আমার কিংবা ক্লাবের জন্য এখন চুক্তি নিয়ে আলোচনার সঠিক সময় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলকে আবার জয়ের ধারায় ফেরানো।’

তবে ইউনাইটেড ছাড়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি পর্তুগিজ মিডফিল্ডার। ক্লাব কর্তৃপক্ষ যদি মনে করে তাকে আর প্রয়োজন নেই, তাহলে সরে দাঁড়াতে প্রস্তুত তিনি। শুধু চুক্তির মেয়াদ শেষ করার জন্য ওল্ড ট্রাফোর্ডে পড়ে থাকতে চান না।

এ বিষয়ে ব্রুনোর বক্তব্য, ‘যেদিন ক্লাব আমাকে বলবে, ব্রুনো, এবার আমাদের আলাদা হওয়ার সময় এসেছে, সেদিন আমিই সবার আগে দরজা দিয়ে বেরিয়ে যাব।’

২০২৪ সালের আগস্টে ইউনাইটেডের সঙ্গে সর্বশেষ চুক্তি করেছিলেন ব্রুনো। সেই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। তবে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে ইংলিশ ক্লাবটির হাতে। সেই সুযোগ কাজে লাগালে ২০২৮ সালের জুন পর্যন্ত তাকে ধরে রাখতে পারবে ইউনাইটেড।

এমন সময়ে ব্রুনোর মন্তব্য সামনে এল, যখন প্রিমিয়ার লিগে ভয়াবহ সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের প্রথম ১০ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি। আট পয়েন্ট নিয়ে রয়েছে অবনমন অঞ্চলে। দীর্ঘ চার দশকের মধ্যে লিগে এত বাজে শুরু আর হয়নি ইউনাইটেডের।

দলের ব্যর্থতার জেরে চলতি মাসেই চাকরি হারিয়েছেন মাইকেল ক্যারিক। তার জায়গায় নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মরিসিও পচেত্তিনো। আর্জেন্টাইন এই কোচের অধীনে ইউনাইটেড ঘুরে দাঁড়াতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

তবে ক্যারিকের সঙ্গে নিজের সম্পর্কের অবনতি হয়েছিল বলে যে আলোচনা চলছিল, সেটিও উড়িয়ে দিয়েছেন ব্রুনো। জানিয়েছেন, তাকে শুরুর একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল পুরোপুরি ফুটবলীয়। সাবেক কোচের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা ছিল না তার।

নতুন কোচ পচেত্তিনোকে নিয়েও আশাবাদী ইউনাইটেড অধিনায়ক। ব্রুনোর মতে, আর্জেন্টাইন কোচ দলের মধ্যে ইতিবাচক শক্তি নিয়ে এসেছেন। একই সঙ্গে খেলোয়াড়দের কাছে নিজের প্রত্যাশা ও কঠোর অবস্থানের কথাও শুরুতেই পরিষ্কার করে দিয়েছেন।

দলের বর্তমান দুরবস্থার মধ্যেও নিজের বড় স্বপ্ন থেকে সরে আসতে চান না ব্রুনো। ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতাই এখনো তার লক্ষ্য। শুধু শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়াকে ক্লাবের চূড়ান্ত লক্ষ্য হিসেবে মানতে নারাজ তিনি।

ব্রুনোর ভাষায়, ‘আমার লক্ষ্য সব সময়ই নিজের ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতা।’

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট