logo

লা লিগায় তিন মাস ধরে গোল নেই, দুয়ো শুনলেন ভিনিসিয়ুস

লা লিগায় তিন মাস ধরে গোল নেই, দুয়ো শুনলেন ভিনিসিয়ুস
লিগে ৩ মাস ধরে গোল পাচ্ছেন না ভিনি। ছবি: কোলাজ

চ্যাম্পিয়নস লিগে গোল করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে লা লিগায় ব্রাজিলিয়ান তারকার গোলখরা কাটছেই না। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে শুরুর একাদশে ফিরেও প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ফরোয়ার্ড। উল্টো সান্তিয়াগো বার্নাব্যুতে নিজ দলের সমর্থকদের একাংশের দুয়ো শুনতে হয়েছে তাকে। তবে পরাজয়ের জন্য ভিনিসিয়ুসকে এককভাবে দায়ী করতে নারাজ রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।

বাংলাদেশ সময় রোববার (২৯ নভেম্বর) ভোরে আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে স্প্যানিশ জায়ান্টদের টানা ১০ ম্যাচের জয়যাত্রার অবসান ঘটেছে।

Advertisement

গত ২০ সেপ্টেম্বর আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর প্রথমবার লা লিগায় শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ভিনিসিয়ুস। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি তিনি। চারটি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছেন ব্রাজিলিয়ান তারকা।

চলতি মৌসুমে লা লিগায় ১০ ম্যাচ খেলে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। গত ২৬ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এসেছিল সেই গোল। এরপর লিগে নিজের খেলা টানা আট ম্যাচে জালের দেখা পাননি ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ছন্দ হারানোর পাশাপাশি রিয়ালের শুরুর একাদশেও নিয়মিত জায়গা পাচ্ছেন না ভিনিসিয়ুস। তার পছন্দের বাঁ প্রান্তে সুযোগ পাচ্ছেন আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিয়োমান্দে। এর সঙ্গে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড দেখার পর চার ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।

গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে রিয়ালের ৫-১ গোলের জয়ে ৮৭তম মিনিটে গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি আলাভেসের বিপক্ষে।

ম্যাচ শেষে ভিনিসিয়ুসকে মাঠ থেকে তুলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে মরিনহোকে প্রশ্ন করেন সাংবাদিকরা। পর্তুগিজ কোচ জানান, দুই প্রান্তে ভিনিসিয়ুস ও দিয়োমান্দেকে রেখে আক্রমণের পরিসর বাড়াতে চেয়েছিলেন তিনি।

ভিনিসিয়ুসকে আলাদাভাবে দায়ী করার পক্ষেও নন মরিনহো। রিয়ালের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ সম্মেলনের বক্তব্যে তিনি বলেন, ‘ভিনিসিয়ুস দলের বাকিদের মতোই ছিল। আমরা সবাই একই রকম ছিলাম।’

ভিনিসিয়ুসের পারফরম্যান্সের পরিবর্তে দলের পরাজয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন মরিনহো। দল নির্বাচন ও খেলোয়াড় বদলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার সুযোগ রয়েছে বলেও স্বীকার করেছেন পর্তুগিজ কোচ। পরাজয়ের দায় নিজের কাঁধেই নিয়েছেন তিনি।

গত মৌসুমে লা লিগায় ৩৬ ম্যাচে ১৬ গোল করেছিলেন ভিনিসিয়ুস। অথচ চলতি মৌসুমে নিজের সেরা ছন্দের ধারেকাছেও নেই ফিফার সাবেক বর্ষসেরা এই ফুটবলার।

আগামী বুধবার দিবাগত রাত ১২টায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল। যে দলের বিপক্ষে চলতি মৌসুমে লিগে একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়ুস, সেই দলের বিপক্ষেই এবার গোলখরা কাটানোর সুযোগ পাচ্ছেন তিনি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট