logo

রিয়ালে কেন এমন গোলখরা, নিজেই জানালেন ভিনিসিয়ুস

রিয়ালে কেন এমন গোলখরা, নিজেই জানালেন ভিনিসিয়ুস
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: গেটি ইমেজ

একসময় রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত গতি, চোখধাঁধানো ড্রিবলিং আর গোল করার দক্ষতায় নিজেকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে। অথচ সেই ব্রাজিলিয়ান তারকাই এখন গোলখরায় ভুগছেন। হারিয়েছেন আগের ধারাবাহিকতা, বেড়েছে শুরুর একাদশে জায়গা ধরে রাখার প্রতিযোগিতাও। কেন এমন পরিস্থিতি?

এবার নিজেই ব্যাখ্যা দিলেন ভিনিসিয়ুস। স্বীকার করলেন, বিশ্বকাপের পর ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি। অনুশীলন কম করার পাশাপাশি চুক্তি নবায়ন ও দলবদলের চাপও তার পারফরম্যান্সে প্রভাব ফেলে থাকতে পারে।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের আগে সোমবার (১৬ নভেম্বর) সিঙ্গাপুরে সংবাদ সম্মেলনে নিজের ছন্দ হারানোর কারণ নিয়ে খোলামেলা কথা বলেন ২৬ বছর বয়সী ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড স্বীকার করেন, বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে গিয়ে নতুন মৌসুমের প্রস্তুতিতে ঘাটতি থেকে গেছে তার।

২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের মতো আসর থেকে এত দ্রুত বিদায় নেওয়ার ধাক্কা সহজে সামলে উঠতে পারেননি ভিনিসিয়ুস। ফলে ছুটির সময়টা অনুশীলনের পরিবর্তে বিশ্রাম ও পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপের পর নিজেকে যতটা ভালোভাবে প্রস্তুত করতে পারতাম, ততটা করতে পারিনি। কারণ ব্রাজিলিয়ানদের কাছে বিশ্বকাপের গুরুত্ব অনেক বেশি। এত দ্রুত বিদায় নিতে হবে, সেটি আমরা ভাবিনি।’

এরপর প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘ছুটিতে আনন্দ করেছি, বিশ্রাম নিয়েছি, নিজেকে একটু চাপমুক্ত রেখেছি এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। ফলে আগের বছরগুলোর তুলনায় অনুশীলন কম করেছি। মৌসুমের শুরুতে সেটির প্রভাব পড়ে থাকতে পারে।’

তবে শুধু অনুশীলনের ঘাটতিই নয়, রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়েও দীর্ঘদিন অনিশ্চয়তায় ছিলেন ভিনিসিয়ুস। গত গ্রীষ্মে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল বেশ কয়েকটি ক্লাব। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের আগ্রহ নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা চলছিল। একই সময়ে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়েও দীর্ঘ আলোচনা চলছিল তাঁর।

শেষ পর্যন্ত গত ৬ আগস্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করেন ভিনিসিয়ুস। তবে সেই চুক্তি সম্পন্ন হওয়ার আগের ঘটনাগুলো তার মনোযোগে প্রভাব ফেলেছিল বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

ভিনিসিয়ুস বলেন, ‘চুক্তি নবায়নের বিষয়টিও ছিল। গত গ্রীষ্মে অনেক ক্লাব আমাকে নিতে আগ্রহী ছিল। সবকিছু মিলিয়ে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিলাম। রিয়াল মাদ্রিদের পরিস্থিতিও আমাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। তবে মৌসুম এখনো অনেক লম্বা।’

এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে মাত্র একটি গোল করেছেন ভিনিসিয়ুস। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি। কোচ হোসে মরিনহোর অধীনে মাত্র তিন ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন তিনি।

পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে আইভরিকোস্টের তরুণ ফরোয়ার্ড ইয়ান দিয়োমান্দের উত্থানে। নতুন মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই ফুটবলার। ভিনিসিয়ুসের পছন্দের বাঁ প্রান্তেও তাঁর উপস্থিতিতে প্রতিযোগিতা বেড়েছে। ফলে রিয়ালের আক্রমণভাগে আগের মতো একচ্ছত্র জায়গা ধরে রাখতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা।

তবে এমন কঠিন সময়ের মধ্যেও আত্মবিশ্বাস হারাননি ভিনিসিয়ুস। নিজের আগের মৌসুমের উদাহরণ টেনে মনে করিয়ে দিয়েছেন, মৌসুমের শুরুতে গোলখরায় ভোগা তার জন্য নতুন কিছু নয়।

তিনি বলেন, ‘গত মৌসুমেও ডিসেম্বর পর্যন্ত মাত্র পাঁচটি গোল করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ২০টির বেশি গোল নিয়ে মৌসুম শেষ করেছি। আগের মৌসুমগুলোতেও এমন হয়েছে। আমার মনে হয়, আমি নিজেকে প্রস্তুত করছি, উন্নতি করছি। কারণ মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমি সব সময় ভালো করতে পারি।’

দীর্ঘদিন ধরে একই উচ্চতায় পারফর্ম করা যে কতটা কঠিন, সেটিও স্বীকার করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে টেনেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।

ভিনিসিয়ুস বলেন, ‘এত বছর ধরে একই উচ্চতায় পারফর্ম করা খুব কঠিন। আমার মনে হয়, শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো আর মেসিই এত দীর্ঘ সময় ধরে একই ধরনের পরিসংখ্যান ধরে রাখতে পেরেছেন।’

নিজের ভুল স্বীকার করতেও দ্বিধা করেননি তিনি। বলেন, ‘আমি মানুষ, প্রায়ই ভুল করি। তবে সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করি। ফুটবল এবং দৈনন্দিন জীবনকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছি। আমার বয়স এখনো ২৬, জীবনটাও কিছুটা উপভোগ করতে চাই।’

শুধু ক্লাব ফুটবল নয়, ব্রাজিল জাতীয় দলের হয়ে নিজের মানসিকতায় পরিবর্তন আনার কথাও জানিয়েছেন ভিনিসিয়ুস। স্বীকার করেছেন, আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে যথেষ্ট গুরুত্ব দিতেন না। জাতীয় দলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আনন্দে অনেক সময় মনোযোগ হারিয়ে ফেলতেন।

তবে এখন বুঝতে পেরেছেন, ব্রাজিলের সমর্থকদের কাছে প্রীতি ম্যাচও বিশ্বকাপের ম্যাচের মতো গুরুত্বপূর্ণ। তাই জাতীয় দলের জার্সিতে প্রতিটি ম্যাচেই সেরাটা দেওয়ার দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

ভিনিসিয়ুস বলেন, ‘আগে জাতীয় দলে আসতাম বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে। অনেক সময় মনোযোগ হারিয়ে ফেলতাম। মনে হতো, এটা তো শুধু প্রীতি ম্যাচ। কিন্তু এখন বুঝেছি, ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচও বিশ্বকাপের ম্যাচের মতো। আমাকে মাঠে নেমে গোল করতে হবে, দলকে জেতাতে হবে।’

সেই পরিবর্তনের প্রমাণও অবশ্য দিয়েছেন সর্বশেষ ম্যাচে। গত শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস। যদিও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় ব্রাজিল। তবে রিয়াল মাদ্রিদে গোলখরায় ভোগা এই ফরোয়ার্ডের জন্য জাতীয় দলের হয়ে জোড়া গোল ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপলক্ষ।

বর্তমান ব্রাজিল দলের অভিজ্ঞ ফুটবলারদের একজন হিসেবেও নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ভিনিসিয়ুস। তার মতে, এন্দ্রিক ও এস্তেভাওয়ের মতো তরুণ ফুটবলারদের ওপর সব চাপ না দিয়ে অভিজ্ঞদেরই বেশি দায়িত্ব নিতে হবে। বিশ্বকাপের ব্যর্থতার পর নতুন করে দল গড়ার প্রক্রিয়ায় থাকা ব্রাজিলকে তাই সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির প্রতিও আস্থা রয়েছে ভিনিসিয়ুসের। রিয়াল মাদ্রিদে একসঙ্গে কাজ করার সময় ইতালিয়ান এই কোচ তার ক্যারিয়ারে বড় ভূমিকা রেখেছিলেন। এখন জাতীয় দলেও আনচেলত্তির অধীনে নিজের সেরা ছন্দ ফিরে পাওয়ার আশা করছেন তিনি।

আপাতত ভিনিসিয়ুসের সামনে লক্ষ্য দুটি। ব্রাজিলের জার্সিতে পাওয়া আত্মবিশ্বাস ধরে রাখা এবং রিয়াল মাদ্রিদের হয়ে আবারও নিয়মিত গোল করা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট