logo

ফিলিস্তিনের পতাকা নিয়ে ফুটবল মাঠের উত্তেজনা গড়াল কূটনৈতিক পর্যায়ে

ফিলিস্তিনের পতাকা নিয়ে ফুটবল মাঠের উত্তেজনা গড়াল কূটনৈতিক পর্যায়ে
জর্জিয়ার বাতুমিতে ২৬ নভেম্বর ২০২৬ ইউরোপা লিগের লিগ পর্বে বেসিকতাস ও হাপোয়েল বিয়ার শেভার মধ্যকার ম্যাচে ফিলিস্তিন ও তুরস্কের পতাকাসংবলিত ব্যানার হাতে তুর্কি সমর্থকরা। ছবি: এপি।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পতাকা ও ব্যানার প্রদর্শন করেন তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকরা। এর মধ্যেই গ্যালারিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঝপথে বন্ধ করে দিতে হয় ইউরোপা লিগের ম্যাচ। মাঠের সেই উত্তেজনা শেষ পর্যন্ত গড়িয়েছে কূটনৈতিক পর্যায়ে। পরিস্থিতির খোঁজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জর্জিয়ার বাতুমি স্টেডিয়ামে ইউরোপা লিগের লিগ পর্বের ম্যাচে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার শেভার মুখোমুখি হয় বেসিকতাস। ম্যাচ চলাকালে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা ও স্বাধীনতার দাবিতে ব্যানার প্রদর্শন করেন তুর্কি সমর্থকরা।

Advertisement

এরপর গ্যালারিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ। উত্তেজনার মধ্যে ম্যাচের ২৬তম মিনিটে খেলা বন্ধ করে দুই দলের ফুটবলারদের ড্রেসিংরুমে পাঠিয়ে দেন ডেনিশ রেফারি মর্টেন ক্রগ। প্রায় ৩০ মিনিট পর আবারও শুরু হয় খেলা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনায় ১৬ জনকে আটক করেছে জর্জিয়ার পুলিশ। বেসিকতাসের এক কর্মী জানিয়েছেন, পাঁচ সমর্থক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সমর্থকদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার প্রদর্শনের কারণে পুলিশ শক্তি প্রয়োগ করেছে বলে ওঠা অভিযোগ অস্বীকার করেছে মন্ত্রণালয়। তাদের দাবি, স্টেডিয়ামে পৌঁছানোর আগেই পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ শুরু হয়েছিল।

অন্যদিকে সমর্থকদের ওপর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তুলে উয়েফার দ্বারস্থ হয়েছে বেসিকতাস। ঘটনার নিন্দা জানিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশনও। বেসিকতাসের পাশে দাঁড়িয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী গালাতাসারাই ও ফেনারবাচেসহ দেশটির বেশ কয়েকটি ক্লাব।

ঘটনার ব্যাখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে উয়েফাও। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, বেসিকতাস সমর্থকদের নিজেদের মধ্যকার সংঘর্ষ থামাতে পুলিশ হস্তক্ষেপ করেছিল। স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের ছিল বলেও জানিয়েছে উয়েফা।

এদিকে জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাকা বোচোরিশভিলির সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। বেসিকতাস সভাপতি সেরদাল আদালির সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এরদোয়ান।

মূলত ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে নিরাপত্তাজনিত কারণে তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শে গত ৩০ অক্টোবর ম্যাচটি জর্জিয়ায় সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল উয়েফা।

এত উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত জয় পেয়েছে বেসিকতাস। জুনিয়র ওলাইতান ও অরকুন ককচুর গোলে ইসরায়েলি ক্লাবটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট