logo

হামজাকে নিয়ে ভাবনা নেই, দর্শকদের চাপকেও পাত্তা দিচ্ছে না পাকিস্তান

হামজাকে নিয়ে ভাবনা নেই, দর্শকদের চাপকেও পাত্তা দিচ্ছে না পাকিস্তান
হামজাকে ভয় পাচ্ছে না পাকিস্তান। ছবি: কোলাজ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে মাঠের বাইরেই উত্তাপ ছড়াল পাকিস্তান। বাংলাদেশের সবচেয়ে আলোচিত ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে আলাদা করে ভাবতে রাজি নন দলটির গোলরক্ষক ইউসুফ বাট। আর স্বাগতিক দর্শকদের চাপকে বাড়তি অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন মিডফিল্ডার আদিল নবী। সুযোগ পেলে বাংলাদেশের সমর্থকদের চুপ করিয়ে দিতে চান তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে এমন দুই মন্তব্যে আলোচনায় পাকিস্তান শিবির।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে রাত আটটায়। এর আগের দিন শুক্রবার সকালে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পাকিস্তানের দুই ফুটবলার।

সেমিফাইনালে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসাগুলোর একটি হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের উপস্থিতি বাংলাদেশের মাঝমাঠকে শক্তিশালী করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে অধিনায়কত্বের পাশাপাশি গোলও করেছেন তিনি। তবে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটের ভাবনায় ব্যক্তিগত কোনো খেলোয়াড়ের চেয়ে পুরো প্রতিপক্ষ দলই বেশি গুরুত্বপূর্ণ।

হামজাকে নিয়ে প্রশ্নের জবাবে বাট বলেন, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।’

বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ্য অবশ্য অস্বীকার করছেন না পাকিস্তান গোলরক্ষক। তবে তার বিশ্বাস, পাকিস্তানের দলেও সমমানের ভালো ফুটবলার রয়েছেন।

আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আদিল নবী ও আবদুল আরশাদের নাম উল্লেখ করে বাট জানান, তাদের দলেও যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। বাংলাদেশের তারকাদের নিয়ে যত আলোচনা হচ্ছে, পাকিস্তানের ফুটবলাররাও ততটাই গুরুত্ব পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি।

পাকিস্তান দলে আরও পাঁচজন ফুটবলারের যোগ দেওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন বাট। তাদের উপস্থিতি দলের শক্তি বাড়াবে বলে আশাবাদী তিনি। তবে ব্যক্তিগত দক্ষতার চেয়ে দলীয় সমন্বয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন পাকিস্তানি গোলরক্ষক।

তার মতে, ফুটবল কোনো একজনের খেলা নয়। বাংলাদেশের বিপক্ষে দল হিসেবে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে চান তারা।

শুধু হামজাকে নিয়ে নয়, ঢাকার দর্শকদের নিয়েও প্রস্তুত পাকিস্তান। তবে প্রতিপক্ষের সমর্থকদের উপস্থিতি ভয় নয়, বরং বাড়তি প্রেরণা হিসেবে দেখছেন আদিল নবী।

পাকিস্তানি এই মিডফিল্ডার জানান, তাদের অনেকেরই বড় স্টেডিয়ামে বিপুল দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই বাংলাদেশের দর্শকদের চাপ তারা সামলাতে পারবেন।

আদিল বলেন, ‘তারা আমাদের বিপক্ষে থাকবে, তবে এটি দর্শকদের চুপ করিয়ে দেওয়ার জন্য আরও বেশি শক্তি ও সামর্থ্য জোগাবে আমাদের। আমরা সেটির জন্য মুখিয়ে আছি।’

বড় ম্যাচের আবহ উপভোগ করতে চান আদিল। তার মতে, গ্যালারিতে যত দর্শকই থাকুক, দিনশেষে এটি একটি ফুটবল ম্যাচ। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেই ভালো ফল পাওয়া সম্ভব।

তবে পাকিস্তানের লক্ষ্য শুধু বাংলাদেশের দর্শকদের চুপ করানো নয়, প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠাও।

আদিল জানিয়েছেন, ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা তাদের লক্ষ্য হলেও এখনই ট্রফি নিয়ে ভাবছেন না। আপাতত বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালেই পুরো মনোযোগ রাখতে চান তাঁরা।

অন্যদিকে দর্শকদের চাপ সামলাতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের উপস্থিতিকেও ইতিবাচক হিসেবে দেখছেন ইউসুফ বাট। তার মতে, ঘরের মাঠে দর্শকদের কারণে তৈরি হওয়া চাপের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এই প্রযুক্তি সহায়ক হতে পারে।

এবারের সাফের সেমিফাইনাল ও ফাইনালে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

পাকিস্তানের কাছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে আরও একটি কারণে। এখনো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি তারা। ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে সেমিফাইনালে উঠলেও ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান।

এবারও শুরুটা ভালো হয়নি তাদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরে যায় নলবার্তো সোলানোর দল। তবে পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে আট বছর পর সাফের সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।

অন্যদিকে টানা দুই জয়ে গ্রুপসেরা হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর পর হামজাকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় পেয়েছে টমাস ডুলির দল।

দুই দলের সর্বশেষ সাফ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালে। সেবার ঢাকার মাঠেই পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৮৫ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে হেডে জয়সূচক গোলটি করেছিলেন তপু বর্মণ।

সেই ম্যাচের স্মৃতি এখনো মনে আছে ইউসুফ বাটের। তবে এবার বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন তিনি।

অন্যদিকে ২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের শিরোপাখরা কাটাতে এবার ঘরের মাঠে বড় সুযোগ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছর পর আবারও সাফের ফাইনালে উঠবে বাংলাদেশ।

শনিবারের প্রথম সেমিফাইনালে দুপুর ৩টায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। এরপর রাতের ফাইনালের টিকিটের জন্য লড়বে বাংলাদেশ ও পাকিস্তান।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট