ক্ষমতা ছাড়ার আগে নেতানিয়াহু কি ইরানে হামলা চালাতে পারবেন

গত মাসের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও এখনো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার সরকার দায়িত্ব পালন করবে। তবে বিরোধী দলগুলো জোট গঠনে হিমশিম খাওয়ায় এ প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।
রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকলেও ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক বাহিনী এবং পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোটের আগ্রহ কম।
প্রশ্ন উঠেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতানিয়াহুর কি ইসরায়েলকে আবারও যুদ্ধে জড়ানোর আইনি ক্ষমতা রয়েছে? এমন সিদ্ধান্ত নিলে দেশের ভেতরে এর প্রতিক্রিয়াই বা কেমন হবে?
তত্ত্বাবধায়ক সরকার কি সামরিক অভিযান চালাতে পারে?
আইনগতভাবে ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের মতোই। দেশটির মৌলিক আইনের ৩০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার আগের মতোই দায়িত্ব পালন করতে পারে।
তবে ইসরায়েলের সুপ্রিম কোর্ট অতীতে রায় দিয়েছেন, বিদায়ী সরকারের এমন কোনো অপরিবর্তনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত, যা জরুরি নয়। এই নীতি ‘ডিউটি অব রেস্ট্রেইন্ট’ বা সংযমের দায়িত্ব হিসেবে পরিচিত।
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং ‘ইসরায়েলস অকুপেশন’ বইয়ের লেখক নেভে গর্ডন আলজাজিরাকে বলেন, বাস্তবে নেতানিয়াহু তার তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন নিয়ে সামরিক অভিযান শুরু করতে পারেন। তিনি বিষয়টিকে ‘জরুরি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট’ বলে উপস্থাপন করতে পারেন।
তেল আবিবভিত্তিক তাকলিথ ইনস্টিটিউটের গবেষক ওর আশের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সংযমের দায়িত্বের সবচেয়ে স্পষ্ট ব্যতিক্রম।
তিনি বলেন, ‘যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তে ইসরায়েলের সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবে হস্তক্ষেপ করা থেকে বিরত থেকেছে। নতুন নেসেট (পার্লামেন্ট) অধিবেশন শুরু হওয়ার পর এবং এর কমিটিগুলো গঠিত হওয়ার আগের কয়েক সপ্তাহে সংসদীয় তদারকি সবচেয়ে দুর্বল থাকে।’
আশেরের ভাষায়, ‘একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইনগতভাবেই ইসরায়েলকে যুদ্ধে নিতে পারেন, এমনকি ইরানের বিরুদ্ধেও।’
ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক ও বিশ্লেষক ইহাব জাবারিন আলজাজিরাকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মর্যাদার কারণে এমন সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিকভাবে আরও বেশি জবাবদিহির প্রয়োজন হবে।
তিনি বলেন, ‘নেতানিয়াহুকে এমন একটি সিদ্ধান্তের পরিণতি মেনে নিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানাতে হবে, যার প্রভাব তার সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যেতে পারে।’
ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু?
বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইরানে হামলার প্রস্তুতি জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন জানায়, ‘নিরাপত্তা মন্ত্রিসভার দেওয়া নির্দেশনা এমন সামরিক কর্মকাণ্ডের দিকে নিয়ে যেতে পারে, যা যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।’
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানায়, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করেছেন নেতানিয়াহু। অন্তত একবার তাদের কথোপকথন উত্তপ্ত হয়ে উঠেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার কেএএনের এক প্রতিবেদনে এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সম্ভাব্য নতুন সংঘাতের জন্য প্রস্তুত থাকতে ইসরায়েলকে জানিয়েছে ওয়াশিংটন। তবে পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আলজাজিরাকে জানায়, এ ধরনের খবর ‘নিছক জল্পনা’।
অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক নেতৃত্ব ইরানে হামলার কোনো জরুরি প্রয়োজন দেখছে না। বুধবার এক ব্রিফিংয়ে এ মূল্যায়ন নেতানিয়াহু এবং পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোটকে জানানো হয়েছে।
বিরোধী দলগুলোর অবস্থান কী?
ইসরায়েলের বিরোধী দলগুলো জরুরি প্রয়োজন ছাড়া নেতানিয়াহুকে কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিরোধী জোটের সদস্য ও ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান বলেন, নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা সংসদীয় তদারকি এবং সব নিরাপত্তা কর্মকর্তার পূর্ণ সম্মতি ছাড়া ইসরায়েলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
একই অবস্থান জানিয়ে বুধবার নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, ‘সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে, যা মোকাবিলায় অপেক্ষা করার সুযোগ নেই, ইসরায়েলি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত দেশটির গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।’
জবাবে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, তার সরকার কেবল নিরাপত্তাসংশ্লিষ্ট বিবেচনার ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেয়।
নতুন যুদ্ধ হলে ইসরায়েলের রাজনীতি ও জনমনে কী প্রতিক্রিয়া হবে?
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে ইসরায়েলের রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে গভীর বিভাজন দেখা দিতে পারে।
অধ্যাপক নেভে গর্ডন বলেন, নেতানিয়াহুকে ভোট দেওয়া মানুষ এবং তার জোটের দলগুলোর সমর্থকেরা স্বাভাবিকভাবেই নতুন সামরিক অভিযানের পক্ষে থাকবেন। অন্যদিকে, তথাকথিত পরিবর্তনপন্থী জোটকে ভোট দেওয়া অধিকাংশ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষুব্ধ হতে পারেন। তাদের ধারণা হতে পারে, নির্বাচনী সাফল্য ঠেকাতে এবং ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
তবে গর্ডনের মতে, শেষ পর্যন্ত নেতানিয়াহুর জোটের বাইরে থাকা অনেক ভোটারও নতুন করে যুদ্ধ শুরু হলে জাতীয় পতাকার পক্ষে ঐক্যবদ্ধ হতে পারেন।
জাবারিনও মনে করেন, নতুন যুদ্ধ শুরু হলে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে থাকলে দেশটির জনগণ সরকারের পাশে দাঁড়াতে পারেন। তবে এতে নেতানিয়াহুর যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে তারা সঠিক মনে করেন কি না, তা বোঝা যাবে না।
তিনি বলেন, ‘প্রকৃত কঠিন পরীক্ষা আসবে তখন, যখন আবার রিজার্ভ সেনাদের ডাকা হবে, পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে ফিরতে হবে এবং সরকারকে ব্যাখ্যা করতে হবে, আগের অভিযানে যা অর্জন করা যায়নি, নতুন অভিযান থেকে কী অর্জন সম্ভব।’
জাবারিনের মতে, ইরানকে ঘিরে নতুন সংঘাতের ক্ষেত্রে ইসরায়েলের অভ্যন্তরীণ বিতর্কের মূল প্রশ্ন হবে; ‘এখনই কেন?’
তিনি বলেন, ‘যদি জরুরি হামলার পক্ষে যুক্তি দুর্বল হয়, বিশেষ করে ওয়াশিংটন বিরোধিতা করলে এবং ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের আপত্তি থাকলে, তাহলে আইজেনকোট যখন সরকার গঠনের চেষ্টা করছেন, সেই সময়ে রাজনৈতিক আলোচনার গতিপথ পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে নেতানিয়াহুর সিদ্ধান্তকে দেখা হতে পারে।’
যুক্তরাষ্ট্রের অবস্থান বড় বাধা হতে পারে
ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি নতুন করে ইরানে হামলার ক্ষেত্রে নেতানিয়াহুর জন্য বড় বাধা হতে পারে দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থান।
ওয়াশিংটন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর নীতিতে তারা আরও জোর দিচ্ছে।
নেভে গর্ডন বলেন, ‘নেতানিয়াহুর সমস্যা ইসরায়েলের জনগণ নয়; বরং যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে আসছে বলে মনে হচ্ছে।’
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতবিষয়ক রাজনৈতিক বিশ্লেষক অ্যান্ডার্স পারসন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হলে নেতানিয়াহুর জন্য নতুন সামরিক অভিযান বাস্তবায়ন করা সহজ হবে।
তবে তিনি সতর্ক করে বলেন, ‘নেতানিয়াহু যত প্রকাশ্যে ইরানকে উসকানি দেবেন এবং ট্রাম্পের কাছ থেকে যত কম সমর্থন পাবেন, তার পক্ষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা এবং ইসরায়েলের জনগণের কাছে তা গ্রহণযোগ্য করে তোলা তত কঠিন হবে।’
অতীতেও তত্ত্বাবধায়ক সরকার সামরিক অভিযান চালিয়েছে
ইসরায়েলের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সামরিক অভিযান চালানোর নজির রয়েছে। এমনকি একবার সেই সরকারের নেতৃত্বেও ছিলেন নেতানিয়াহু।
২০২১ সালের মে মাসে পার্লামেন্ট নির্বাচনে তার দল আসন হারানোর কয়েক সপ্তাহ পর এবং নতুন সরকার গঠনের আলোচনা চলার সময় গাজায় ১১ দিনের সামরিক অভিযান শুরু করেন নেতানিয়াহু।
ওই সংঘাতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ২৬০ জন নিহত হন। ইসরায়েলেও প্রাণ হারান ১৩ জন।
যুদ্ধের কারণে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। তবে পরের মাসেই নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটে।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ইয়ার লাপিদও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকাকালে গাজায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন।
এর মধ্যে ২০০৮ সালে ওলমার্টের নির্দেশনায় পরিচালিত সামরিক অভিযান ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই অভিযানে প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন।
তথ্যসূত্র: আলজাজিরা


