ব্যবসার জন্য মেসিকে বিশ্বকাপে রাখতে চায় ফিফা: মিশর কোচ

আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য হারের পর এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’ এবং ম্যাচ রেফারির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন মিশরের কোচ হোসাম হাসান। নিজেদের ব্যবসায়িক স্বার্থে ফিফা আর্জেন্টিনা ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চায় বলে দাবি তার।
রাউন্ড ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ৩-২ গোলে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের চরম ক্ষোভ উগরে দেন ফারাওদের এই মাস্টারমাইন্ড। হোসাম হাসান বলেন, নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায়। যদি তারা আর্জেন্টিনার জয়ই চেয়েছে, তাহলে অন্য দলগুলোকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আহ্বান জানায় কেন?
ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল দাবি করে তিনি আরও বলেন, পুরো বিশ্ব এই নাটক দেখেছে। মাঠে আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো খেলেছি। আজ প্রমাণিত হলো—ফুটবল মোটেও ফেয়ার (ন্যায়পরায়ণ) নয়।
ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের রেফারিং নিয়ে প্রশ্ন তুলে মিশরের কোচ বলেন, আমরা ম্যাচে একটি স্পষ্ট পেনাল্টি পেয়েছিলাম, কিন্তু রেফারি সেটি দেননি। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে মোস্তফা জিকোর করা সম্পূর্ণ বৈধ একটি গোলও বাতিল করা হয়।
এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হোসাম হাসান ঘোষণা দেন, এই অন্যায়ের প্রতিবাদের অংশ হিসেবে আমি চলতি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দেখা বয়কট করব।
তবে হারের পরও নিজের শিষ্যদের নিয়ে গর্বিত হোসাম হাসান। খেলোয়াড়দের উজ্জীবিত করে তিনি বলেন, মাঠে যদি সততা ও ন্যায্যতা থাকে, তবে আমরা বিশ্বের যেকোনো বড় দলের বিপক্ষে লড়াই করে জিততে পারব—আমি আমার ছেলেদের এটাই বলেছি। সূত্র: গালফ টুডে




