‘জুলাই গণ-অভ্যুত্থানের বিচিত্র মাত্রা ছিল, যার ঐতিহাসিক মূল্যও অপরিসীম’

জুলাই অভ্যুত্থানের তাৎপর্য, তীব্রতা এবং আন্দোলনের মনস্তাত্ত্বিক পটভূমি নিয়ে তিনটি বিশেষ সংকলন প্রকাশ করেছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বই তিনটির পাঠ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) সমীর কুমার সরকার।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ শীর্ষক বই নিয়ে আলোচনা করেন বইয়ের সম্পাদক লেখক ও গবেষক সহুল আহমদ। জুলাই গণ-অভ্যুত্থানের গল্প শীর্ষক বই নিয়ে আলোচনা করেন বইয়ের সম্পাদক কথাসাহিত্যিক হুমায়ূন শফিক। জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া শীর্ষক বই নিয়ে আলোচনা করেন বইয়ের সম্পাদক লেখক ও সাংবাদিক আবিদ আজম। আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও গবেষক শিবলী আজাদ এবং কবি ও রাজনৈতিক বিশ্লেষক তুহিন খান।
সমীর কুমার সরকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের গণ-আকাঙ্ক্ষার ফসল। আমাদের জাতীয় জীবনে জুলাই আন্দোলনের যে বহুমাত্রিক ও অপরিসীম তাৎপর্য রয়েছে, তার শৈল্পিক প্রতিফলন ঘটেছে আমাদের লেখক-সাহিত্যিক-গবেষকদের রচনায়।
সহুল আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ সংকলনে অন্তর্ভুক্ত প্রবন্ধগুলোতে নানামাত্রিক দৃষ্টিকোণ থেকে এই অভ্যুত্থানকে দেখা হয়েছে। এই অভ্যুত্থান নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন।
হুমায়ূন শফিক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের গল্প কেবল গল্পই নয়, এগুলো সত্য ইতিহাস। এসব গল্প জুলাইয়ের উত্তাল সময়কে ধারণ করেছে। জুলাই অভ্যুত্থানের বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে এসব গল্পে।
আবিদ আজম বলেন, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে ছড়া, গান ও কবিতা স্ফূলিঙ্গের মতোই আলো ছড়িয়েছে। সে সময় নানারকম ছড়া ও স্লোগান আমাদের ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া সংকলন আগামীর দুর্জয় প্রেরণা ও পাথেয় হয়ে থাকবে।
আলোচকদ্বয় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া, গল্প ও প্রবন্ধের সংকলনগুলো সে সময়ের চিন্তাচেতনা ও অনুপ্রেরণাকে ধারণ করে আছে। সংকলনগুলোর প্রতিটি লেখাই গুরুত্বপূর্ণ। এগুলো ইতিহাসের অনন্য দলিল। জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের নানাশ্রেণির মানুষ নানাবিধ তাড়নায় একত্রিত হয়েছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের আর্থ-সামাজিক প্রেক্ষাপট নিয়েও বিচার-বিশ্লেষণ প্রয়োজন।
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিচিত্র মাত্রা ছিল, এর ঐতিহাসিক মূল্যও অপরিসীম। এই সংকলনগুলো জুলাইয়ের উত্তাল দিনগুলোর ঘটনাই শুধু নয় বরং এই অভ্যুত্থানের রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক পটভূমিও তুলে ধরে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।
.png)







