প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালককে সরিয়ে দেওয়া হলো

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপি-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেনী ধ্রুব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে (পরিচিতি নম্বর: ১৬৭৯৯) তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ঢাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করার নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় তার নাম রয়েছে।
এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও কর্মরত ছিলেন।





