Advertisement

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী
ছবি : সংগৃহীত

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে আরও শক্তিশালী করা হবে।

শনিবার (৬ জুন) রাজধানীর বিএসটিআই প্রধান কার্যালয়ে ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, প্রত্যেকটি পণ্যের উচ্চ গুণগত মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। গুণগত মানসম্পন্ন এবং সঠিক ওজনের পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার। জনগণের এই অধিকার রক্ষায় বিএসটিআইকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণ মানুষ বিএসটিআইয়ের মানচিহ্নকে আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করে। সেই আস্থা অক্ষুণ্ন রাখতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। আলোচক হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত ও এফবিসিসিআই প্রশাসক আবদুর রহিম খান।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিএসটিআই ইতোমধ্যে মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণে আধুনিক ল্যাবরেটরি স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। খুলনা ও চট্টগ্রামে ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবন ও ল্যাবরেটরি নির্মাণের পাশাপাশি ১০ জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সভাপতির বক্তব্যে কাজী ইমদাদুল হক বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং মুক্ত বাণিজ্য ব্যবস্থায় দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণে বিএসটিআইয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক আধুনিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় দেশের ১১টি জেলায় পূর্ণাঙ্গ ল্যাবরেটরিসহ আঞ্চলিক ভবন নির্মাণকাজ চলমান রয়েছে। পাশাপাশি আরও ৪২টি জেলায় সেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধান কার্যালয়ে নতুন ১৩ তলা ভবন নির্মাণের পাশাপাশি রসায়ন ও পদার্থবিজ্ঞান শাখায় ৬৭টি অত্যাধুনিক ল্যাব এবং ২১টি মেট্রোলজি ল্যাব স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি হালাল পণ্যের বৈশ্বিক বাজারে বাংলাদেশের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

এফবিসিসিআই প্রশাসক আবদুর রহিম খান বলেন, বাসস্থান থেকে খাদ্যপণ্য—সব ক্ষেত্রেই গ্রহণযোগ্য মান নির্ধারণে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সরকারের নীতিকৌশল বাস্তবায়নেও সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তর ও সংস্থার প্রধান, ব্যবসায়ী সংগঠনের নেতা এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।