রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুল যোগ্য ব্যক্তি: আসিফ নজরুল

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ব্যক্তি বলে মত দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মতামত জানান তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘ বোঝাপড়ার সম্পর্ক রয়েছে জানিয়ে তিনি লেখেন, ‘বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছিলেন সন্তানসম একজন।’
তার মতে, রাষ্ট্রপতি পদে বিএনপিতে উপযুক্ত আরও কেউ কেউ আছেন। সবদিক বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন।
রাজনীতিবিদদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করা হলে মির্জা ফখরুল সম্ভবত সেরা প্রার্থী হবেন বলে জানান তিনি।
.png)






