Advertisement

‘রাগ করলা’ ভাইরাল ডায়ালগের নেপথ্যে কী

এশিয়া পোস্ট ডেস্ক
‘রাগ করলা’ ভাইরাল ডায়ালগের নেপথ্যে কী
ছবি: সংগৃহীত

‘কী রাগ করলা’ নতুন এই সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। ফেসবুকের পোস্ট, মন্তব্যের ঘর, মিম পেজ—প্রায় সব জায়গাতেই এই সংলাপের ব্যবহার দেখা যাচ্ছে। সংলাপটি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে হাস্যকর সব মিম (ব্যঙ্গাত্মক কনটেন্ট) তৈরির জোর প্রতিযোগিতা।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই সংলাপের প্রচলন শুরু হয়। ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ততম রাস্তার পাশে এক ‘গণক’ একজন যুবকের ভাগ্য গণনা করছেন। আর প্রায় প্রতিটি বাক্যের শেষেই তিনি যুবকের কাছে জানতে চাইছেন, ‘রাগ করলা?’।

ভিডিওটিতে গণকের কথা বলার ধরন, ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহার করার বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। সেখান থেকেই ‘কী রাগ করলা’ ডায়ালগটি এখন ফেসবুকের অন্যতম শীর্ষ ট্রেন্ড।

এ ডায়ালগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা বাস্তব জীবনের নানা পরিস্থিতির সঙ্গে মিল রেখে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এ ডায়ালগ ব্যবহার করে নানা ভিডিও তৈরি করছেন।

যদিও অনেকের প্রশ্ন, ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই কবিরাজ? খোঁজ নিয়ে জানা যায়, তিনি কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা। তার নাম ইমান আলি। ফেসবুকে তার পেজে গিয়ে দেখা যায়, আরও বেশ কিছু অভিনয়ের ভিডিও আছে তার। বর্তমানে তিনি গাজীপুর বসবাস করছেন।