Advertisement

ফেসবুকে ইলিশ বিক্রির প্রলোভনে প্রতারণা, সিটিটিসির অভিযানে যুবক গ্রেফতার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ফেসবুকে ইলিশ বিক্রির প্রলোভনে প্রতারণা, সিটিটিসির অভিযানে যুবক গ্রেফতার
গ্রেপ্তারকৃত মো. অনিক শেখ। ছবি: সিটিটিসি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছ ও বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. অনিক শেখ (২১)। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে নড়াইল জেলার কালিয়া থানার আমতলা (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সিটিটিসি জানায়, অনিক শেখ দীর্ঘদিন ধরে ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথমে প্যাকেজিং খরচের কথা বলে ৫৫০ টাকা এবং পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও টাকা আদায় করে যোগাযোগ বন্ধ করে দিত।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে পল্লবী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করা হয়। মামলার তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক শেখ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিটিটিসি। প্রায় তিন বছর ধরে একই কৌশলে দেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল সে। এ ঘটনায় তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।