মালয়েশিয়া গমনেচ্ছু ও রিক্রুটিং এজেন্সির প্রতি জরুরি সতর্কতা

এশিয়া পোস্ট প্রতিবেদক
মালয়েশিয়া গমনেচ্ছু ও রিক্রুটিং এজেন্সির প্রতি জরুরি সতর্কতা
ছবি : সংগৃহীত

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের উদ্দেশে জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন, চুক্তি বা মেডিকেল টেস্ট না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এ-সংক্রান্ত কোনো প্রকার যোগাযোগ বা আর্থিক লেনদেন করা যাবে না। একই সঙ্গে কর্মী প্রেরণপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো প্রকার মেডিকেল টেস্ট বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় রিক্রুটিং এজেন্টদের প্রতি বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। এ ছাড়া কর্মী পাঠানোর নাম করে পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট করানো এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া গমন বা এ-সংক্রান্ত যেকোনো বিষয়ে অভিযোগ অথবা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া-সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গে ০২-৪১০৩০২৪১, ইমেইল: dsemployment1@probashi.gov.bd এবং মোবাইল: ০১৭১৬০৪৮১১৫ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে বলে জানানো হয়।