কৃষি পুনঃঅর্থায়ন তহবিলের কাঠামো হালনাগাদ করল কেন্দ্রীয় ব্যাংক

বাসস
কৃষি পুনঃঅর্থায়ন তহবিলের কাঠামো হালনাগাদ করল কেন্দ্রীয় ব্যাংক
ছবি : সংগৃহীত

দেশের কৃষি খাতে ঋণপ্রবাহ আরও কার্যকর করতে ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় তহবিলের অর্থের উৎস নির্ধারণের পাশাপাশি পুনঃঅর্থায়ন কর্মসূচির মেয়াদও পুনর্ব্যক্ত করা হয়েছে।

Advertisement

রোববার (২৮ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ২০২৩ সালের ৮ জুন প্রকাশিত মূল নির্দেশিকার ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদ প্রতিস্থাপন করে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১০ হাজার কোটি টাকার এই পুনঃঅর্থায়ন তহবিলের অর্থ নির্ধারিত ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে সংগ্রহ করা হবে। এ তহবিল বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পরিবর্তনের মাধ্যমে কৃষি ঋণ সহায়তার উদ্দেশ্যে গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের অর্থায়ন কাঠামো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, পুনঃঅর্থায়ন কর্মসূচিটি মূল সার্কুলার জারির তারিখ অর্থাৎ ২০২৩ সালের ৮ জুন থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ পুনঃঅর্থায়ন সুবিধার মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার করা এবং গ্রামীণ এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।

এ ছাড়া ২০২৩ সালের ৮ জুন জারি করা কৃষি ঋণ বিভাগ (এসিডি) সার্কুলার নং-০১-এর অন্যান্য সব বিধান অপরিবর্তিত থাকবে এবং আগের মতোই কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।