হাবিপ্রবির ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৬০ জনকে শাস্তি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছয় শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর হামলা এবং ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর চূড়ান্তভাবে শাস্তির আদেশ কার্যকর করা হয়।
অভিযুক্ত শিক্ষার্থীদের মাঝে মোট চার ধরনের শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিগুলো হলো— আট শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার, নির্দিষ্ট সতর্কীকরণ এবং দুই হাজার টাকা অর্থদণ্ড। ছয় শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড। ৪৬ শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড। সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় ছয় শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. নাইমুর রহমান দুর্জয় (এআইই), সাকির মাহমুদ (অর্থনীতি), মো. সৌরভ আহমেদ (ইসিই), মো. আসাদুজ্জামান সাগর (এফপিই), আসিফ হোসেন (ইংরেজি), তাসরিয়াফ ইসলাম প্রান্তিক (অ্যাকাউন্টিং)।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান এশিয়া পোস্টকে বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ শাস্তির সুপারিশ করা হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে।





