Advertisement

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ী

এশিয়া পোস্ট প্রতিবেদক
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ী
ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় বাসে অজ্ঞান পার্টির সদস্যরা আব্দুল করিম (৪০) নামের এক ব্যক্তিকে অচেতন করে ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্ত্রী রুনা আক্তার বলেন, আমরা স্বামী-স্ত্রী নারায়ণগঞ্জ থেকে একটি বাসে কেনাকাটা করার জন্য ঢাকায় আসছিলাম। বাসে পাশাপাশি সিট না থাকায় আমি সামনের একটি সিটে বসি, আমার স্বামী পিছনে একটি সিটে বসে। সাইনবোর্ড আসা মাত্রই আমার স্বামী অচেতন হয়ে পড়ে, গাড়ির স্টাফের সহযোগিতায় ঢাকা মেডিকেলে জরুরি বিভাগ নেওয়া হয়। আমার স্বামীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। মোবাইল নিতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, সাইনবোর্ড এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল করিম নামের এক ব্যবসায়ী ঢামেকে এসেছে। তাকে পাকস্থলী ওয়াস করে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।