Advertisement

কুরিয়ারে জাল টাকা পাঠাতে গিয়ে যুবক আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
কুরিয়ারে জাল টাকা পাঠাতে গিয়ে যুবক আটক
জাল নোটসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের ‘ক্যারি বে’ কুরিয়ার সার্ভিসের ভেতর থেকে জাল টাকা ও জাল টাকা তৈরি সরঞ্জামাদিসহ জিসান আলম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম ও ৯০ হাজার ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ডিএমপির মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান রোববার (২৪ মে) রাতে এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর ৬০ ফিটের বারেক মোল্লা মোড়ের ক্যারি বে কুরিয়ার সার্ভিস থেকে শনিবার (২৩ মে) রাতে জাল টাকা ও জাল টাকার সরঞ্জামাদিসহ জিসান আলম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ৯০ হাজার ১০০ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই যুবক হলেন, ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলম।

ওসি হাফিজ বলেন, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তৌফিক ইসলাম অর্নব নামের আরেক যুবক পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া জিসান ও পলাতক তৌফিক জাল নোটগুলো ক্যারি বে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন্যত্র পাঠাতে এসেছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি হাফিজ।