চট্টগ্রামে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন শিক্ষার্থী, পরে বহিষ্কার

এইচএসসি পরীক্ষায় মুঠোফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নকল করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের ছাত্র।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে মুঠোফোনের একটি এআই অ্যাপে পাঠাতেন। এরপর অ্যাপ থেকে পাওয়া উত্তর দেখে খাতায় লিখছিলেন। কেন্দ্র পরিদর্শকের নজরদারিতে বিষয়টি ধরা পড়লে তাকে বহিষ্কার করা হয় এবং ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়।
সোমবার এইচএসসি পরীক্ষায় পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞান (তত্ত্বীয়), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ১১৪টি কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭৫ হাজার ৭৩১ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন শিক্ষার্থী, যার মধ্যে কেবল চট্টগ্রাম জেলাতেই অনুপস্থিতির সংখ্যা ছিল ১ হাজার ২০২।
সম্প্রতি বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো আবারও শুরু হয়।
.png)






