হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জের নিকলীতে হাওরের পানিতে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে গাজীপুরের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে।
দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন গোসল করতে হাওরের পানিতে নামেন। একপর্যায়ে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবারের মতো অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান ওসি মাহবুবুর রহমান।





