চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী
শ্যামল চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

ঢাকায় কর্মব্যস্ত দিন শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনে বসে ছিলেন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। কয়েক সেকেন্ডের মধ্যে জানালা ভেদ করে আসা একটি পাথর তার ডান চোখে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দীর্ঘ অস্ত্রোপচারেও চোখটি রক্ষা করা সম্ভব হয়নি।

Advertisement

বুধবার (২৪ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মো. শাহ আলম জানান, মঙ্গলবার (২৩ জুন) রাত দেড়টার দিকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি তালশহর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালার কাঁচ ভেঙে ভেতরে আসে। সেটি শ্যামল চন্দ্র দাসের ডান চোখে লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

বুধবার সকালে কয়েক ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার চালিয়েও চিকিৎসকরা তার চোখটি রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত চোখ অপসারণ করতে হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রেলযাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বছরের পর বছর ধরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটলেও কেন তা বন্ধ করা যাচ্ছে না।

সামাজিক সংগঠনের একাধিক সদস্যের মতে, এটি আর কেবল দুষ্টুমি বা বখাটেপনা নয়, বরং মানুষের জীবনহানির ঝুঁকি তৈরি করা একটি গুরুতর অপরাধ। তারা ঝুঁকিপূর্ণ রেলপথে নজরদারি বাড়ানো, নিয়মিত টহল জোরদার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।