Advertisement

ইতালিতে ভাইয়ের হাতে খুন, আড়াই মাস পর নিজভূমে নয়নের লাশ

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
ইতালিতে ভাইয়ের হাতে খুন, আড়াই মাস পর নিজভূমে নয়নের লাশ
নয়নের বাড়িতে লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের প্রবাসী যুবক নয়ন ফকির ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন হওয়ার প্রায় আড়াই মাস পর মরদেহ দেশে পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে নয়নের মরদেহ দেশে আনা হয়।

এদিন দুপুর ২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে বড় ভাই হুমায়ুন ফকির ছোট ভাই নয়ন ফকিরকে খুন করেন। খুনের পর হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে ঘটনার দায় স্বীকার করেন। ঘটনার পর ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ, টাকাপয়সার লেনদেন এবং দ্বিতীয় বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ইতালিতে মৃত্যুর বিষয়টি আমি অবগত ছিলাম। আজ যে লাশ আসছে এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। স্থানীয় চেয়ারম্যানকে ফোন দিয়ে খোঁজ নেব।