Advertisement

সংস্কারে ব্যর্থ হলে জনগণ পঙ্গপালের মতো সংসদ ঘেরাও করবে: নাসীরুদ্দীন

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
সংস্কারে ব্যর্থ হলে জনগণ পঙ্গপালের মতো সংসদ ঘেরাও করবে: নাসীরুদ্দীন
নীলফামারীর জলঢাকায় এনসিপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ আবারও পঙ্গপালের মতো সংসদ ভবন ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলায় এনসিপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা একমাত্র আল্লাহ ব্যতীত বাংলাদেশে কোনো গুন্ডাকে ভয় পাই না। প্রধানমন্ত্রী কিংবা যারাই ক্ষমতায় থাকুক, রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করতেই হবে। প্রতিশ্রুতি ও সংস্কারের মূল জায়গা থেকে সরে গেলে ভারতের নরেন্দ্র মোদির মতো পেছনের দরজা দিয়ে পালানো ছাড়া উপায় থাকবে না। আমরা চাই আপনারা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ও রক্তের পরিচয় দিয়ে রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ করবেন।

তিনি আরও বলেন, জলঢাকাবাসী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। চাঁদাবাজ, দখলদার ও আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি ডাক দিলে জলঢাকা থেকেই প্রথম প্রতিবাদ মিছিল রাজপথে নেমে আসবে।

এনসিপির দিনাজপুর অঞ্চলপ্রধান আবু সাঈদ লিয়নের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।

পথসভায় বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য নিরসন এবং ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।