প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৪৩ হতদরিদ্রকে নগদ অর্থ সহায়তা

পিরোজপুরের নাজিরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান এবং সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
অনুষ্ঠানে উপজেলার মোট ২৪৩ জন দুস্থ ও গরিব মানুষের মাঝে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নগদ অর্থ বিতরণ শেষে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই নাজিরপুর উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এর আগে, একই দিন সকালে তিনি উপজেলার মালিখালী ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।




