প্রতিষ্ঠার ১৫০ বছর পর ডাম্পিং স্টেশন পাচ্ছে মাদারীপুর পৌরসভা

প্রতিষ্ঠার দীর্ঘ ১৫০ বছর পর অবশেষে স্থায়ী ডাম্পিং স্টেশন পেতে যাচ্ছে মাদারীপুর পৌরসভা। কোনো স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র না থাকায় এত দিন শহরের প্রবেশমুখ ও বিভিন্ন সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে রাখা হতো। এতে তীব্র পরিবেশ দূষণের পাশাপাশি চরম জনদুর্ভোগ পোহাতে হতো শহরবাসীকে। এই দীর্ঘস্থায়ী সংকট নিরসনে ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণে ৬২ কোটি টাকার একটি প্রকল্পের জন্য জমি চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চর ব্রাহ্মমদী মৌজার নির্ধারিত তিন একর জমি পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া। এ সময় জেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য জেলা প্রশাসন ইতোমধ্যে সাড়ে পাঁচ একর সরকারি খাসজমি মাদারীপুর পৌরসভার নামে হস্তান্তর করেছে। এর মধ্যে তিন একর জমিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণ করা হবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। পরিদর্শনকালে সার্ভেয়ার ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা জমি পরিমাপ করেন। পরে প্রকল্প এলাকার সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন ও লাল নিশানা টানানো হয়।
সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ শেষ হলে চর ব্রাহ্মমদীতে আড়িয়াল খাঁ নদের তীরে একটি ইকোপার্ক গড়ে তোলা হবে। এতে সাধারণ মানুষ বিনোদনের সুযোগ পাবেন। একই সঙ্গে প্রকল্পটি চালু হলে কর্মসংস্থানও সৃষ্টি হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।




