মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, ৬ ইপিজেড শ্রমিক নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, ৬ ইপিজেড শ্রমিক নিখোঁজ
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৬ জন ইপিজেড শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে মোংলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নদী থেকে সাঁতরে তীরে ওঠা শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে কারখানার ছুটি শেষে ইপিজেড শ্রমিকরা খেয়াঘাটে জড়ো হন। পরে প্রায় ৫০ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার মোংলা খেয়াঘাট থেকে রওনা দেয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন শ্রমিক নদীতে পড়ে যান।

স্থানীয়দের সহায়তায় অনেক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও অন্তত পাঁচ থেকে ছয়জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও মোংলা থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে মোংলা নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

বিষয় :asiapost