একই স্থানে বিএনপি-জামায়াতের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
একই স্থানে বিএনপি-জামায়াতের কর্মসূচি, ১৪৪ ধারা জারি
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার পলাশবাড়ীতে একই স্থানে বিএনপি ও জামায়াতের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলাম কর্মসূচি দেওয়ার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহম্মেদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, উপজেলার বরিশাল ইউনিয়নের দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর পরস্পর বিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা ও এর চারপাশে ৫০০ মিটার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ীর চৌমাথা থেকে চারদিকে ৫০০ মিটার এলাকায় এই ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, উচ্চ শব্দের যন্ত্র এবং লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এর আগে, সোমবার (২৯ জুন) রাতে পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উপজেলা বিএনপি ও জামায়াতের সাত থেকে আটজন নেতাকর্মী আহত হন।