পদ্মার এক বাগাড় ৫১ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাড় মাছ। মাছটি ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটির ওজন ২৭ কেজি। পরে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৮ হাজার ৬০০ টাকায় মাছটি কেনা হয়।
তিনি আরও জানান, নিলামে কেনার পর টাঙ্গাইলের মধুপুরের এক পরিচিত ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে মাছটি বিক্রি করেন। এতে মাছটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৫১ হাজার ৩০০ টাকা।
পদ্মায় এত বড় বাগাড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। মাছটি একনজর দেখতে দৌলতদিয়া মৎস্য আড়তে উৎসুক মানুষের ভিড় জমে।
.png)






