জামালপুরে আওয়ামী নেতার চেম্বার থেকে অস্ত্র-বোমা-বিদেশি মদ উদ্ধার

জামালপুরে আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি পাইপগান, পাইপগানের গুলি, চারটি নাইন এমএম পিস্তলের গুলি, ছয়টি ককটেল, দুই বোতল পেট্রোলবোমা এবং ছয়টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কার্যালয়টি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত অফিস।
অভিযানকালে স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় অফিসের দুটি কক্ষের তালা খোলা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি কক্ষে মেঝেতে রাখা কম্বলের ভেতর থেকে দুটি পাইপগান, পাইপগানের গুলি, পিস্তলের গুলি, ছয়টি ককটেল ও দুটি পেট্রোলবোমা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর সদর থানার ওসি তদন্ত এসএম নূর মোহাম্মদের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
রাকিবুল হাসান জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল কাইয়ুম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেম্বারটিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সদৃশ সামগ্রীর উৎস, মালিকানা এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।





