প্রবাসীকে জিম্মি করে অর্থ আদায়, চার ভাই-বোনের কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
প্রবাসীকে জিম্মি করে অর্থ আদায়, চার ভাই-বোনের কারাদণ্ড
বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাচার এবং সেখানে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বরিশালে চার ভাই-বোনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তিন ভাইকে পৃথক তিন ধারায় মোট ১৯ বছর করে এবং তাদের বোনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) কম্পিউটার অপারেটর আকাশ চন্দ্র দাস মামলার নথির বরাত দিয়ে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৩ জুলাই) বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়ীয়া গ্রামের বাবুল হাওলাদারের তিন ছেলে রাশেদ হাওলাদার (২৫), রাসেল হাওলাদার (৩৫), টিপু হাওলাদার (২২) এবং মেয়ে রেশমা আক্তার (৩০)। তাদের মধ্যে রেশমা আক্তার ছাড়া বাকি তিন ভাই পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত রেশমাকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একই গ্রামের প্রতিবেশী শহিদুল ইসলামকে ৪ লাখ ৬৭ হাজার টাকার বিনিময়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবে পাঠান আসামিরা। সেখানে পৌঁছানোর পর শহিদুলকে একটি ঘরে বন্দি করে রাখা হয়। আকামা (কাজের অনুমতিপত্র) নেই, এমন অজুহাতে তাকে বাইরে যেতে না দিয়ে আকামা করে দেওয়ার জন্য আরও ২ লাখ টাকা দাবি করা হয়।

এই পরিস্থিতিতে শহিদুলের স্ত্রী অহিদা খাতুন (৩০) আসামিদের বাড়িতে গিয়ে তার স্বামীকে ফেরত আনার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানান। পরে উপায় না পেয়ে অহিদা খাতুন বাদী হয়ে বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলার পর চাপের মুখে আসামিরা শহিদুলকে দেশে ফেরত পাঠাতে বাধ্য হন।

বিষয় :বরিশাল