সাত পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক কেন্দ্রে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ কক্ষ পরিদর্শককে (শিক্ষক) তাৎক্ষণিকভাবে পরীক্ষার ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব মাসুদ পারভেজ এশিয়া পোস্টকে জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ৬ জন অনিয়মিত ছাত্র-ছাত্রী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন। তারা অভিনব উপায়ে শার্টের ভেতরে নকল লিখে কেন্দ্রে প্রবেশ করেছিলেন। বোর্ডের প্রতিনিধি দল পরিদর্শনের সময় তাদের হাতেনাতে নকলসহ আটক করে বহিষ্কারের নির্দেশ দেন। একইসঙ্গে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা ও দায়িত্বে অবহেলার কারণে ৫ কক্ষ পরিদর্শককে মৌখিকভাবে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এশিয়া পোস্টকে বলেন, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্ব অবহেলার কারণে পাঁচ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।





