প্রশাসন দলের না, দেশের হয়ে কাজ করবে: মঈন খান

প্রশাসনের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, তারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলায় জিআর চাল এবং গৃহমঞ্জুরি বাবদ ঢেউটিন ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের নীতিনির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। নীতিনির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়।
তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যে অর্থ দিয়ে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করা যেত।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।






